খুলনায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
সড়ক দুর্ঘটনা রোধে খুলনা নগরের সড়ক সংস্কার, ফিটনেসবিহীন নগর পরিবহন বন্ধ, নগরবাসীর ভোগান্তি রোধে বিআরটিসির বাস সার্ভিস চালুসহ নানা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের পিকচার প্যালেস মোড়ে এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই-এর জেলা শাখার সভাপতি মো. হাছিবুর রহমান। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, সম্মিলিত নাগরিক সমাজের সদস্যসচিব মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা অবিলম্বে খুলনা নগরে ওয়াসার খোঁড়াখুঁড়ি করা সড়ক সংস্কার, ফুটপাত দখলমুক্ত করা ও থ্রি-হুইলারের জন্য আলাদা লেন করার আহ্বান জানান। নগরবাসীর ভোগান্তি নিরসনে সিটি করপোরেশন কোনো পদক্ষেপ না নেওয়ায় তাঁরা তীব্র নিন্দা জানান। তাঁরা আরও বলেন, সড়ক সংস্কার না করার ফলে নগরে প্রতিনিয়ত যে দুর্ঘটনা ঘটছে, এর দায় সিটি করপোরেশন ও খুলনা ওয়াসাকে নিতে হবে। সেই সঙ্গে যাঁরা ইতিমধ্যে দুর্ঘটনায় আহত বা নিহত হয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।