খুলনায় হত্যা মামলার রায়ে চারজনের অর্থদণ্ড
খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকার ব্যবসায়ী মনা মুনশি হত্যা মামলায় বাবা, দুই ছেলেসহ চার আসামিকে ২৫ হাজার টাকা করে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থ অনাদায়ে তাঁদের প্রত্যেককে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
গতকাল সোমবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন আবুল কাশেম ব্যাপারী, তাঁর দুই ছেলে আবদুল হান্নান ব্যাপারী ও আকরাম ব্যাপারী এবং পৌত্র হাসান ব্যাপারী। তাৎক্ষণিকভাবে আদালতে দণ্ডের অর্থ এক লাখ টাকা জমা দিয়ে আসামিরা সবাই মুক্তি পান।
রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহত ব্যবসায়ীর স্বজনেরা। রায় ঘোষণার পর নিহত মনা মুনশির ছেলে জালাল মৃধা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটি হত্যা মামলার শাস্তি ২৫ হাজার টাকা জরিমানা হয় কীভাবে? এই রায়ের ব্যাপারে আমরা উচ্চ আদালতে আপিল করব।’
রায়ের বিষয়ে আদালতের সরকারি কৌঁসুলি আরিফ মাহমুদ বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি না দেখে কোনো মন্তব্য করা ঠিক হবে না।
মামলার বিবরণে জানা গেছে, নগরের সোনাডাঙ্গার ময়লাপোতা (হরিজন কলোনি) এলাকায় ডিম কেনা-বেচাকে কেন্দ্র করে ২০১০ সালের ১৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে দুটি পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় মনা মুনশি আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৪টায় তিনি মারা যান। ওই দিনই মনা মুনশির ছেলে আলাউদ্দিন মৃধা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সোনাডাঙ্গা থানায় মামলা করেন।
২০১১ সালের ২৬ মে সোনাডাঙ্গা থানার এস আই মতিউর রহমান এজাহারভুক্ত পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে চারজনকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাছলিমা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়।