খুলনায় হত্যা মামলায় তরুণীর ফাঁসি
খুলনার আলোচিত শিপন হত্যা মামলায় ফাতেমা আক্তার সোনালী (২১) নামের এক তরুণীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা গতকাল সোমবার এ রায় দেন। মামলার অন্য আসামি মেহেদী হাসানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৮ মার্চ নগরের জোড়াগেট গণপূর্ত বিভাগের আবাসিক কলোনি থেকে শিপনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিপনের ভাই বাবুল মিয়া ১২ মার্চ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের ছয় দিন পর ১৫ মার্চ শিপনের প্রেমিকা ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন সোনালী। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, মেহেদী হাসান নামের আরেকজনকে পুলিশ গ্রেপ্তার করে।
ওই বছরের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।