খুলনায় হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন
যশোরের কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামের কৃষক আবদুস সামাদ হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের জেল দিয়েছেন আদালত।
খুলনা বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক এম এ রব হাওলাদার গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন। আসামিদের সবার বাড়ি একই গ্রামে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, দীন মোহাম্মদ, শাহদাৎ হোসেন, রাজ্জাক, আলতাফ হোসেন, তোরাপ, জাকির হোসেন, সোহরাব হোসেন, রফিক ও রাজ্জাক কাগুজি।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ১৯৯৫ সালের ১ ফেব্রুয়ারি রাতে আবদুস সামাদকে বাড়ি থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর সামাদকে মমিনপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আহতাবস্থায় পাওয়া যায়। এ সময় তাঁর পায়ের হাঁটুর নিচে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ছিল। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় সামাদ মারা যান। এর আগে সামাদ আসামিদের নাম বলে যান।
এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি নিহতের বাবা নজর আলী শেখ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে কেশবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে এজাহারভুক্ত আসামি সিরাজুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত আরও পাঁচজনের নাম উল্লেখ করেন তিনি। ১৯৯৬ সালের ২৩ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন মোট ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এর মধ্যে আসলাম নামের এক আসামি বিচার চলাকালে মারা যান।