খুলনায় হত্যার দায়ে ১৩ জনের যাবজ্জীবন
খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আবদুর রহমানকে অপহরণ, গুম ও হত্যা মামলায় চরমপন্থী নেতাসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মুজিবর রহমান গত মঙ্গলবার এ রায় ঘোষণা দেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা দেবু প্রসাদ ওরফে দেবু, মনতোষ বসাক, দীপ্তি শংকর, প্রভাত মণ্ডল, শংকর, অপূর্ব, তপন, জগো ওরফে জগদীশ, পরেশ, প্রীতিশ হালদার, জাকির, অনিল ও বিশ্ব। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন প্রভাত মণ্ডল, জাকির হোসেন ও বিশ্ব। বাকি আসামিরা পলাতক।আদালত সূত্রে জানা যায়, আবদুর রহমানের স্ত্রী কাকলি বেগমের ভাই আবদুল জব্বার নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। কিছুদিন পর জব্বার তাঁর ভুল বুঝে দল ছাড়ার ঘোষণা দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন পার্টির প্রধান মনোরঞ্জন গোসাই ওরফে মৃণালসহ অন্য সদস্যরা। তাঁদের ধারণা, রহমান ও তাঁর স্ত্রী কাকলির পরামর্শে জব্বার দল ত্যাগ করেছেন। এ কারণে রহমানকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী ২০০৩ সালের ১৬ এপ্রিল সন্ত্রাসীরা আবদুর রহমানকে অপহরণের পর হত্যা করে। এ ঘটনায় কাকলি বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন।