খুলনায় হাতকড়া পরা আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সোনাডাঙ্গা থানা এলাকা থেকে গতকাল সোমবার হাতকড়া পরা অবস্থায় লিটন শেখ (২৯) নামে এক আসামি পালিয়ে গেছেন।পুলিশ জানায়, খুলনার ফুলতলা উপজেলা সদর থেকে একটি মুঠোফোন কোম্পানির টাওয়ারের যন্ত্রাংশ চুরির সময় গত রোববার রাত পৌনে আটটার দিকে লিটন শেখকে এলাকাবাসী ধাওয়া করেন। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা তাঁর পিছু নেন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ ও র‌্যাব সদস্যরা সোনাডাঙ্গার বয়রা বড় রাস্তা এলাকা থেকে লিটনকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে টাওয়ারের বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়।সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান বলেন, লিটনকে আটকের পর থানায় আনা হয়। এরপর চিকিৎসার জন্য লিটনকে হাতকড়া পরিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, লিটনের নামে ফুলতলাসহ নগরের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য নগরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।