খুলনায় হাসপাতাল-ক্লিনিকের নিজস্ব বর্জ্য-ব্যবস্থাপনা নেই
খুলনা মহানগরের হাসপাতাল ও ক্লিনিকগুলোর বর্জ্য ফেলার নিজস্ব কোনো ব্যবস্থা নেই। অধিকাংশ হাসপাতাল থেকে আশপাশের আস্তাকুঁড়ে হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছে। এতে নগরের পরিবেশ দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।খুলনা মহানগরে কয়েকটি সরকারি হাসপাতাল রয়েছে। এগুলোতে জনসাধারণ যথাযথ চিকিত্সাসেবা পায় না। এ সুযোগে ব্যাঙের ছাতার মতো নগরের যত্রতত্র গড়ে উঠেছে বেসরকারি হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্র। এসব হাসপাতালের বর্জ্য যেখানে-সেখানে ফেলা হচ্ছে। এতে নগরের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে চলেছে। এবং নগরের নানা বয়সের মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে।মহানগরে গত কয়েক বছরে গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল প্রাইভেট ক্লিনিক ও রোগ নিণয়কেন্দ্রগুলোর বর্জ্য ফেলা এবং তা ধ্বংস করার জন্য তাদের নিজস্ব কোনো ব্যবস্থা নেই। এসব প্রতিষ্ঠানের বর্জ্য রাস্তার পাশে খোলা আস্তাকুঁড়ে অথবা রাস্তার পাশে কোনো খোলা জায়গায় ফেলা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিশেষজ্ঞ চিকিত্সক জানান, ইনসিনেটরের মাধ্যমে হাসপাতালের বর্জ্য পুড়িয়ে ফেলা বিজ্ঞানসম্মত হলেও খুলনার কোনো হাসপাতালে এর ব্যবস্থা নেই। বিদেশে হাসপাতালের বর্জ্য ইনসিনেটরের মাধ্যমে একেবারে ভস্ম করে ফেলা হয়। এতে পরিবেশদূষণের মাত্রা নগণ্য।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক হামিদ আসগর প্রথম আলোকে বলেন, খুলনা মহানগরের ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে খুলনা সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগের মধ্যে আলোচনা হতে পারে। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো নিজ দায়িত্বে তাদের প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা করা উচিত। এ ব্যাপারে তারা সিটি করপোরেশন ও বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে পারে। তিনি আরও বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বর্জ্য হাসপাতালের নির্দিষ্ট এক স্থানে রাখা হয়। পরে তা ধ্বংস করে ফেলা হয়।খুলনা মহানগরের ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বেসরকারি সংস্থা প্রদীপনের প্রকল্প সমন্বয়কারী শফিউল আলম জানান, নগরে দুই শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্র রয়েছে। এর মধ্যে মাত্র ৬৪টি প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল বর্জ্য প্রদীপন ব্যবস্থাপনা করে থাকে। তারা এসব বর্জ্য তাদের প্রতিষ্ঠানের বিশেষ গাড়িতে করে নিয়ে নগর থেকে দূরে রাজবন্ধে সিটি করপোরেশনের ভাগাড়ে নিয়ে পুড়িয়ে ফেলে। বাকি প্রতিষ্ঠানগুলো ইচ্ছামতো তাদের বর্জ্য নগরের খোলা ডাস্টবিন বা রাস্তার পাশে ফেলে দেয়।২০০২ সালের এপ্রিল মাস থেকে প্রদীপন ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা শুরু করেছে। নগরের ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য তত্কালীন মেয়র নগরের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিঠি দিয়ে প্রদীপনের এ কাজের আওতায় আসার অনুরোধ জানান। সে সময় ২২টি প্রতিষ্ঠান তাঁর আহ্বানে সাড়া দেয়। পরে আরও ৪২টি প্রতিষ্ঠান তাদের বর্জ্য প্রদীপনের মাধ্যমে ব্যবস্থাপনায় এগিয়ে আসে।মেয়র আরও জানান, নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য খোলা ডাস্টবিন বা রাস্তার পাশে ফেলে রাখায় নগরের পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছে। এবং এ থেকে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ছে।