খুলনা মহানগরের বড় বাজার এলাকার হেলাতলা মোড়ের একটি আবাসিক হোটেলের এক নৈশপ্রহরীকে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আমানুর রহমান (২৮) ও সাইফুদ্দিন আহম্মেদ (২১) নামের দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমানুরের বাড়ি কুষ্টিয়া সদরের আমানতপুর গ্রামে এবং সাইফুদ্দিনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামে। তাঁরা সম্পর্কে মামা-ভাগনে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা খুনের কথা স্বীকার করেছেন।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গীয়াস বলেন, আমানুর ও তাঁর ভাগনে সাইফুদ্দিন গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে হেলাতলা মোড়ের খুলনা হোটেলের চারতলার ৮৬ নম্বর কক্ষ ভাড়া নেন। ভোরে হোটেলের নৈশপ্রহরী মুজিবুর রহমানকে তাঁদের কক্ষে ডেকে নিয়ে জবাই করেন। এ সময় মুজিবুরের চিৎকারে বাজারের নৈশপ্রহরীসহ স্থানীয় লোকজন জড়ো হলে হত্যাকারীরা পালানোর চেষ্টা করেন। কিন্তু হোটেলের গেটে তালা থাকায় তাঁরা পালাতে পারেননি। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ওসি মুনীর-উল-গীয়াস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি বলেছেন, তাঁদের কাছে টাকা-পয়সা না থাকায় তাঁরা নৈশপ্রহরীকে হত্যা করে হোটেলের ক্যাশ থেকে টাকা-পয়সা লুট করে পালাতে চেয়েছিলেন।খুলনা হোটেলের ব্যবস্থাপক খলিলুর রহমান বলেন, আমানুর ও সাইফুদ্দিন ব্যবসায়ী পরিচয়ে গত বুধবার দিবাগত রাতে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। এর আগেও তাঁরা এই হোটেলে উঠেছিলেন।খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, হোটেল থেকে আমানুর ও সাইফুদ্দিনকে গ্রেপ্তারের পর তাঁদের কক্ষ থেকে রক্তমাখা ছুরি ও বিছানার চাদর জব্দ করা হয়েছে। বাথরুম থেকে মুজিবুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত নৈশপ্রহরীর ছেলে জিয়াউর রহমান খুলনা থানায় একটি হত্যা মামলা করেছেন।