খুলনায় ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা
অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে খুলনায় ১০টি প্রতিষ্ঠানকে ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় থেকে জানা যায়, সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত নগরের বৈকালী, গোয়ালখালী, পিকচার প্যালেস এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো মদিনা কনফেকশনারিকে এক হাজার, সাতক্ষীরা ঘোষ ডেইরিকে (গোয়ালখালী মেইন রোড) পাঁচ হাজার, রফিজুল হোটেলকে পাঁচ হাজার, শিমুল হোটেলকে দুই হাজার, নির্মল ঘোষ ডেইরিকে তিন হাজার, সাতক্ষীরা ঘোষ ডেইরিকে (বাসস্ট্যান্ড) পাঁচ হাজার, আদি হাওড়া বেকারিকে ১০ হাজার, হাওড়া বেকারিকে ২০ হাজার, আল্লার দান বেকারিকে ১০ হাজার ও মেঘলা হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।