খুলনায় ১০৮টি কচ্ছপ ও তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২
খুলনা নগরের গল্লামারী এলাকা এবং পাইকগাছা থেকে ১০৩টি কচ্ছপ ও পাঁচটি তক্ষক উদ্ধার করা হয়েছে। বন বিভাগ ও পুলিশ গতকাল বৃহস্পতি ও গত মঙ্গলবার এগুলো উদ্ধার করে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উত্তম মল্লিক (৪১) ও মো. ইসমাইল। বন আইনে হওয়া পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকালই তাঁদের আদালতে পাঠানো হয়েছে। উত্তম মল্লিকের বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটার দুর্বাডাঙ্গা গ্রামে। ইসমাইলের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ জানান, গতকাল দুপুর ১২টার দিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা বিভাগের একটি টহল দল খুলনার গল্লামারী এলাকার খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে বাসে তল্লাশি চালিয়ে উত্তম মল্লিকের কাছ থেকে ১০৩টি কচ্ছপ উদ্ধার করে। গতকালই তাঁর বিরুদ্ধে বন্য প্রাণী আইনে মামলা করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি নিয়ে কচ্ছপগুলো রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে। খুলনা বন বিভাগের ডেপুটি রেঞ্জার শিকদার মাহফুজুল বারী জানান, জেলার পাইকগাছা থেকে মঙ্গলবার পুলিশ তল্লাশি চালিয়ে পাঁচটি তক্ষকসহ মো. ইসলামকে আটক করে বন বিভাগের কাছে সোপর্দ করে। বন বিভাগ তাঁর বিরুদ্ধে বন্য প্রাণী আইনে মামলা করে গতকাল আদালতে চালান দিয়েছে। আদালতের অনুমতি নিয়ে তক্ষকগুলো বনে অবমুক্ত করা হয়েছে।