খুলনায় ১৪ দিন ধরে নিখোঁজ তিনজন
খুলনায় ১২ মে কওমি মাদ্রাসার দুজন শিক্ষক ও একজন বৈদ্যুতিক মিস্ত্রিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ১৪ দিন পার হলেও এখনো নিখোঁজ ব্যক্তিদের কোনো হদিস করতে পারেনি পুলিশ।
অপহৃত তিনজনকে ফিরিয়ে দেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তাঁদের পরিবারের সদস্যরা। তাঁরা দাবি করেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সাদাপোশাকের কয়েকজন ব্যক্তি ওই তিনজনকে তুলে নিয়ে গুম করেছেন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন খুলনা নগরীর বিসমিল্লাহ নগর কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মো. আবদুল্লাহ আল সাঈম তূর্য ও মো. শোয়াইব বিশ্বাস এবং বয়রা এলাকার বৈদ্যুতিক মিস্ত্রি মনিরুল ইসলাম বাবু। তাঁদের বাড়ি নগরের বয়রা এলাকায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঈম তূর্যের বাবা মো. শহিদুল ইসলাম, মনিরুল ইসলামের বাবা মাসুদুর রহমান ও শোয়াইব বিশ্বাসের বাবা আবদুস সাত্তার। লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, ১২ মে সন্ধ্যায় সহকর্মী হাফিজ বিন আশরাফের সঙ্গে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলেন তাঁর ছেলে। তখন একটি সাদা মাইক্রোবাস তাঁদের পথ রোধ করে। কয়েকজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক পরিচয় দিয়ে তূর্যকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এ সময় মাইক্রোবাসের গায়ে ‘জরুরি বিদ্যুৎ’ লেখা স্টিকার লাগানো ছিল।
মনিরুলের বাবা মাসুদুর রহমান বলেন, একই দিন রাত ১০টার দিকে মনিরুলকে বয়রা সিএসডি কলোনির বাসা থেকে কয়েকজন লোক জোর করে ধরে নিয়ে যান। এ সময় তাঁদের মধ্যে দুজনের কোমরে পিস্তল ও ওয়ারলেস সেট ছিল।
একই দিন সকাল সাড়ে ১০টার দিকে নগরের বৈকালী বাজারের বায়তুন নাজাত জামে মসজিদের তত্ত্বাবধায়কের বাসা থেকে মাদ্রাসার উদ্দেশে বের হওয়ার পর শোয়াইবকে তুলে নিয়ে যাওয়া হয়।
পরদিন তূর্যের বাবা হরিণটানা থানায় অপহরণ মামলা করেন। অপর দুটি ঘটনায় আক্রান্তদের পরিবারের পক্ষ থেকে খালিশপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান সহকারী পুলিশ কমিশনার এ এম কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই দিন ডিবির পক্ষ থেকে এ ধরনের কোনো অভিযান পরিচালনা করা হয়নি। নিখোঁজের ঘটনার সঙ্গে ডিবি পুলিশ জড়িত নয়। তবে পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য থানার পুলিশ ও গোয়েন্দা শাখার তদন্ত অব্যাহত রয়েছে।