খুলনায় ১৬ ইটভাটার দখলে শতাধিক একর খাসজমি
খুলনার রূপসা উপজেলার আঠারোবেকি নদীর পশ্চিম পাড়ে চরের শতাধিক একর খাসজমি দখল করে ১৬টি ইটভাটা স্থাপন করা হয়েছে। নদীর পশ্চিম পাড় দখল করে ইটভাটা তৈরি করায় পূর্ব পাড়ে চলছে ব্যাপক ভাঙন। ইতিমধ্যে বেশ কিছু বাড়িঘর ও গাছপালা নদীগর্ভে চলে গেছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদিউজ্জামান বলেন, ইটভাটার ১৬ জন মালিককে প্রায় ১০০ একর খাস জমির দখল তিন দিনের মধ্যে ছেড়ে দিতে ১০ জানুয়ারি নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা এখনো সাড়া দেননি। তাই অবৈধ দখল উচ্ছেদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।ইটভাটাগুলো হলো: ফারুক ব্রিকস, এমএমএস ব্রিকস, এনএমএমএস ব্রিকস, সেলিম ব্রিকস, হালিম ব্রিকস, এনবিআই ব্রিকস, সিবিআই ব্রিকস, সিটি ব্রিকস, সান ব্রিকস, এনবিএম ব্রিকস, এনবিআই ব্রিকস, মুন ব্রিকস, আজাদ ব্রিকস, এফবিএম ব্রিকস, মডার্ন ব্রিকস ও বেস্ট ব্রিকস। উপজেলা ভূমি কার্যালয় সূত্রে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নৈহাটি ইউনিয়নের আঠারোবেকি নদীর পশ্চিম পাড়ে নেহালপুর-শ্রীরামপুর বেড়িবাঁধের পাশে কয়েকটি ইটভাটা গড়ে উঠেছে। কয়েক বছর ধরে কয়েকজন নদীর জমি দখল করে তাঁদের ভাটার সীমানা বাড়াচ্ছেন। এঁদের মধ্যে ফারুক ব্রিকস ও এমএমএস (মদিনা) ব্রিকস সিংহভাগ জায়গা দখল করেছে। এ কারণে নদীর পূর্ব পাড়ে ভাঙন তীব্র হয়েছে। ইতিমধ্যে শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বেশ কিছু বাড়িঘর ও গাছপালা নদীতে বিলীন হয়েছে।গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, ফারুক ব্রিকসের পাশে নদীতে ভাঙা ইট ফেলা হচ্ছে। পাশেই শ্রমিকেরা নদীর পাড়ে বাঁধ দিয়ে চরের মাটি কেটে ভাটায় নিচ্ছেন। আর নদীর পূর্ব পাড়ে ব্যাপক এলাকার মাটি ধসে পড়েছে। তিনটি বাড়ি ও কিছু গাছপালা নদীতে বিলীন হওয়ার উপক্রম।নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ভবানীপুর গ্রামের শেখ সহিদুল ইসলাম বলেন, ‘ওই পাড়ের ফারুক ব্রিকস ও এমএমএস (মদিনা) ব্রিকসসহ কয়েকটি ভাটার মালিকেরা নদীর মধ্যে ইট ফেলতে ফেলতে নদীর জায়গা দখল করছে। তাগের জন্যি আজ আমাগে বাড়িঘর সব নদীতি চলে গেছে। এখন বান দিয়ে ভিটের শেষ চিহ্নটা রক্ষার চিষ্টা কত্তিছি।’ ভবানীপুর বাজারের মুদি দোকানদার সেকেন্দার আলী (৫৪) বলেন, ‘ওই পাড়ের ভাটা আলাগে জন্যি আমাগে এই পাড়ে ভাঙতেছে।’ এমএমএস ব্রিকসের মালিক জাভেদ সরদার বলেন, ‘শুধু আমি না, সব ভাটাওয়ালাই নদীতে ইট ফ্যালে। আর আমাগে জন্যি ক্যান ভাঙবে? নদী তো স্বাভাবিকভাবেই এক পাশ গড়ে আর অপর পাশ ভাঙে।’ খাস জমি দখলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই জমির জন্যি আমার ডিসিআর নেওয়া আছে।’ ফারুক ব্রিকসের মালিক গোলাম সরোয়ার হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।খুলনা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সাত্তার নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করে জানান, যাঁর ভাটার সামনে যেটুকু চর জেগেছে তাঁরা সেটুকুই দখল করেছেন।খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘রূপসার ইটভাটাগুলো কতটুকু খাস জমি দখল করছে তার একটা তালিকা করেছি। আগামী সভায় ওই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’