কোরবানির পশু জবাইয়ের জন্য খুলনা সিটি করপোরেশন গত বছর ৪৩টি স্থান নির্ধারণ করেছিল। তবে সেই উদ্যোগে তেমন সাড়া মেলেনি। এ অবস্থায় গত বছরের তুলনায় এবার প্রায় চার গুণ বেশি বাড়িয়ে পশু জবাইয়ের ১৬০টি স্থান নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
এদিকে বায়ুদূষণ রোধে সারা বিশ্বে মডেল রাজশাহী নগরেও কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। নগরের ৩০টি ওয়ার্ডের ২২৭টি স্থানে এবার পশু জবাই করা হবে। গতকাল রোববার সকালে রাজশাহী সিটি করপোরেশন পরিষদের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানায়, করপোরেশন স্থান নির্ধারণ করে দিলেও নাগরিকেরা সেখানে পশু জবাইয়ে তেমন আগ্রহ দেখান না। তাঁরা বাসাবাড়ির সামনে বা রাস্তার ওপর পশু জবাই করেন। গত বছর মাত্র ১০ শতাংশ পশু করপোরেশনের নির্ধারিত জায়গায় জবাই করা হয়েছে। তাই এ বছর বেশ আটঘাট বেঁধেই নেমেছে করপোরেশন। এবার ১৬০টি স্থান পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।
তবে নগরবাসীর অভিযোগ, আগে প্রয়োজনের তুলনায় খুব কম স্থান নির্ধারণ করত সিটি করপোরেশন। তা ছাড়া পশু জবাইয়ের স্থানে পানি সমস্যা ও পরিবেশগত দিক ভালো না হওয়ায় সেখানে যেতে আগ্রহ দেখাননি নগরবাসী। এ কারণেই বেশির ভাগ লোকজন বাড়ির পাশে কিংবা আঙিনায় পশু জবাই করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে এই ১৬০টি স্থান কোরবানির পশু জবাইয়ের জন্য ঠিক করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে পাঁচটি স্থান নির্বাচন করা হয়েছে। শুধু ১৫ ও ২৫ নম্বর ওয়ার্ডে স্থান নির্বাচন করা হয়েছে আটটি করে। পশু জবাইয়ের জন্য ২৮৮ জন ইমাম ও ১৭৫ জন কসাইকে প্রস্তুত রাখা হবে। মাংস পরিবহনের জন্য প্রতিটি স্পটে থাকবে দুটি করে ভ্যান। এ ছাড়া নির্ধারিত স্থানগুলোতে শামিয়ানা, চেয়ার, পলিব্যাগ, পানির ব্যবস্থাসহ আনুষঙ্গিক সুবিধা রাখা হবে। এসব সুবিধা পাওয়া যাবে বিনা মূল্যে।
গতকাল রাজশাহী নগর ভবনের নবনির্মিত সিটি হলে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম। সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী আসন্ন ঈদুল আযহার দিন ৩০টি ওয়ার্ডের ২২৭টি নির্ধারিত স্থানে সুষ্ঠু ও সুন্দরভাবে কোরবানি করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।