খুলনায় ১৮-দলীয় জোটের সংগ্রাম কমিটি গঠিত
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করতে খুলনায় ১৮-দলীয় জোট নির্বাচনী ভোটকেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠন করেছে। গত শনিবার দুপুরে মহানগর বিএনপি কার্যালয়ে ১০১ সদস্যের এ কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম।
খুলনা মহানগর সংগ্রাম কমিটিতে বিএনপির মহানগর সভাপতি নজরুল ইসলাম আহ্বায়ক এবং খুলনা সিটি মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সদস্যসচিব মনোনীত হয়েছেন।
যুগ্ম আহ্বায়ক হলেন মহানগর জামায়াতের আমির আবুল কালাম আজাদ, মুসলিম লীগের সভাপতি সিরাজুল ইসলাম, বিজেপির সভাপতি লতিফুর রহমান, খেলাফত মজলিসের সভাপতি গোলাম কিবরিয়া, লেবার পার্টির সভাপতি লোকমান হাকিম, পিপলস লীগের সভাপতি সৈয়দ আফতাব হোসেন ও জাগপার সভাপতি সালাউদ্দিন।
বিএনপির চেয়ারপারসন ও ১৮-দলীয় জোটের প্রধান খালেদা জিয়া ৫ অক্টোবর সিলেটের জনসভা থেকে বর্তমান সরকারের অধীনে একতরফা নির্বাচন প্রতিহত করতে কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ দেন।
সভায় আন্দোলন সামনে রেখে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের সহায়তা দিতে লিগ্যাল এইড কমিটি, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। খুলনাবাসীকে সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।