খুলনায় ২০ হাজার হেক্টর জমিতে ফসল হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালত উপকূলীয় জেলাগুলোয় লোনা পানি তুলে চিংড়ি চাষ অবৈধ ঘোষণা করলেও খুলনার ডুমুরিয়া, বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা ও কয়রা উপজেলায় প্রভাবশালী ব্যক্তি ও রাজনীতিকদের ছত্রচ্ছায়ায় ঘেরমালিকেরা লোনা পানি তুলে চিংড়ি চাষ অব্যাহত রেখেছেন। এ কারণে এসব এলাকার হাজার হাজার হেক্টর কৃষিজমি আবাদের অনুপযোগী হয়ে পড়ছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক আবদুল আজিজ জানান, লোনা পানির কারণে জেলার ওই পাঁচটি উপজেলার প্রায় ২০ হাজার হেক্টর জমিতে ফসল হচ্ছে না।এলাকাবাসীর অভিযোগ, ঘেরমালিকেরা বেড়িবাঁধ ছিদ্র করে ও বিভিন্ন স্লুইসগেটের কপাট খুলে লোনা পানি তুলছেন। কিন্তু ঘেরমালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। সরেজমিনে দেখা গেছে, বাঁধের অনেক স্থানে ছিদ্র করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্লুইসগেটের কপাট খুলে বা বাঁকা করে ফেলা হয়েছে। এ কারণে জোয়ার এলে এসব স্লুইসগেট ও ছিদ্র দিয়ে পানি ঢোকে।বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওসার আলী জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউনিয়নের রাজাখার বিলে স্থানীয় ঘেরমালিকেরা লোনা পানি তোলেন। আর ওই সব ঘের থেকে লোনা পানি চুইয়ে আশপাশের বিলের এক হাজার বিঘা ফসলিজমি তলিয়ে গেছে। এ কারণে স্থানীয় কৃষকেরা কোনো ফসলের চাষ করতে পারছেন না। পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের মধুখালী গ্রামের কৃষক প্রশান্ত সরকার জানান, ঘেরমালিকেরা কয়েকটি স্লুইসগেটের কপাট জোর করে খুলে দিয়েছেন। ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় আট হাজার বিঘা ফসলিজমি লোনা পানিতে তলিয়ে গেছে। এ কারণে ধান চাষের চলতি মৌসুমে চাষাবাদ করতে পারছেন না এলাকার কৃষকেরা। তিনি জানান, ২১ নম্বর পোল্ডারের প্রায় পাঁচ হাজার বিঘা, ২২ নম্বর পোল্ডারের রুহিতমারি বিলের প্রায় দুই হাজার বিঘাসহ বেশ কয়েক হাজার বিঘা জমি লোনা পানিতে তলিয়ে গেছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান বলেন, ‘বেড়িবাঁধ ছিদ্র করে ও গেটের কপাট খুলে অবৈধভাবে লোনা পানি তোলায় একসময় আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত হবে। এখানে কোনো ফসল হবে না।’খুলনা জেলা জাতীয় কৃষক সমিতির সহসভাপতি ও দাকোপ উপজেলা লবণ পানি প্রতিরোধ কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ মণ্ডল জানান, বেড়িবাঁধ ছিদ্র করে লোনা পানি ওঠানো উপকূলীয় অঞ্চলের ব্যাপক ক্ষতির কারণ। সবাই বিষয়টি জানেন, তার পরও লোনা পানি তোলা বন্ধ হচ্ছে না।পাউবো খুলনার নির্বাহী প্রকৌশলী আবদুল রব হাওলাদার বলেন, ‘লোনা পানি তোলার বিরুদ্ধে আমরা ডুমুরিয়ায় ৪৪টি মামলা করেছি। অন্যান্য উপজেলায়ও কিছু মামলা আছে। প্রয়োজন হলে আমরা আরও মামলা করব। আমরা লোনা পানি তোলা বন্ধ করতে চেষ্টা চালাচ্ছি।’