খুলনায় ২০০ ঝুঁকিপূর্ণ ভবন ৪৮টি ভেঙে ফেলতে চিঠি
খুলনা মহানগরের ঝুঁকিপূর্ণ অন্তত ২০০ ভবন রয়েছে। এর মধ্যে অধিকাংশ ভবনে সব মিলিয়ে সহস্রাধিক লোক ঝুঁকি নিয়ে বসবাস করছেন। যেকোনো সময় এসব জরাজীর্ণ ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেসিসির একটি কমিটি ২০০৪ সালে নগরের ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে তা দ্রুত ভেঙে ফেলার জন্য তৎকালীন মেয়রের কাছে একটি প্রতিবেদন দাখিল করে। কিন্তু কর্তৃপক্ষ তখন এসব ভবন ভাঙার উদ্যোগ নেয়নি। এরপর চলতি বছর জুনে কেসিসি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) নগরের অন্তত ২০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে। এর মধ্যে কেসিসি ৪৮টি ভবন অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেগুলো ভেঙে ফেলতে ভবনের মালিকদের কাছে গত মাসে লাল নোটিশ পাঠানো শুরু করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরের বড়বাজার এলাকায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ২৬টি ভবনের অধিকাংশ দোতলা বা তিনতলা। এসব ভবনের ওপরের অংশে লোকজন বসবাস করছেন এবং নিচতলায় দোকানপাট ও কাঁচামালের আড়ত। ঝুঁকিপূর্ণ এসব ভবনে বসবাসকারী মানুষ ও বাজারে আসা লোকজনের জীবন হুমকির মুখে রয়েছে। এ বাজারে ২০০৮ সালে একটি ভবন ধসে একজন নিহত ও কয়েকজন আহত হন। নগরের জেলা কারাগারের পুরোনো ভবন, টুটপাড়া আনসার ক্যাম্পের ভেতরে ভূতের বাড়ি, খুলনা জেনারেল হাসপাতালের সামনে একটি তিনতলা ভবন ঝুঁকিপূর্ণ। এ ছাড়া বসুপাড়া, হাজি মহসিন রোড, গগনবাবু রোড, মুন্সিপাড়া, রায়পাড়া, দোলখোলা, বানিয়াখামার, টুটপাড়া, মুজগুন্নী, খালিশপুর, দৌলতপুরসহ বিভিন্ন এলাকায় কেসিসি ও কেডিএ—সব মিলিয়ে অন্তত ২০০ ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জরাজীর্ণ এসব ভবনের দেয়ালে পাকুড় ও বটগাছসহ বিভিন্ন ধরনের আগাছা জন্মেছে। অনেক আগেই এসব ভবনের পলেস্তারা খসে পড়ে দেয়ালগুলোয় ফাটল দেখা দিয়েছে। বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ে।কেসিসির সম্পত্তি বিভাগের কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, প্রথম পর্যায়ে ৪৮টি ভবন অধিক ঝুঁকিপূর্ণ বলে চূড়ান্তভাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৬টি ভবন সম্পূর্ণ, ১৭টির নিচতলা রেখে উপরিভাগ এবং পাঁচটি ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এসব ভবনের মালিকদের কাছে লাল নোটিশ পাঠানো শুরু হয়েছে। এই নোটিশ পাওয়ার দুই মাসের মধ্যে ভবনগুলো ভেঙে ফেলতে হবে। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, নগরে অর্ধশতাধিক ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। সেখানে চরম ঝুঁকি নিয়ে লোকজন বসবাস এবং ব্যবসা করছে। ভবনগুলো দ্রুত ভেঙে ফেলা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এসব বাড়ির মালিকেরা নির্দেশ না মানলে কেসিসি নিজ উদ্যোগে তা ভেঙে ফেলবে।