খুলনায় ২৭ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা
খুলনায় বিডিআর সেক্টর সদর দপ্তর ও উপকূলীয় সহায়ক কোম্পানিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৭ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খুলনা সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ গতকাল মঙ্গলবার এই রায় দেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, রায়ে দুজনকে সর্বোচ্চ সাত বছর করে, দুজনকে ছয় বছর, একজনকে পাঁচ বছর, দুজনকে চার বছর, ছয়জনকে তিন বছর, তিনজনকে আড়াই বছর, একজনকে দুই বছর, দুজনকে দেড় বছর, চারজনকে এক বছর করে, একজনকে ছয় মাস ও অন্য তিনজনকে চার মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। সূত্র আরও জানায়, ল্যান্স নায়েক (সিগনাল) ফরিদ হোসেন ও সিপাহি গাজী আবদুর রাজ্জাককে সর্বোচ্চ সাত বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ছয় বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে হাবিলদার নুরুল ইসলাম ও সিপাহি জলিল গাজীকে। সর্বনিম্ন চার মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয় সিপাহি জামাল উদ্দিন, সুবেদার সহকারী মো. আবদুল্লাহ ও ল্যান্সনায়েক (সিগনাল) মো. নাজমুল হাসানকে।গতকাল বেলা ১১টায় আদালতের কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণা করেন বিশেষ আদালত-১২-এর বিচারক বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খান।২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিদ্রোহ করেন আসামিরা। এই ঘটনায় কারাদণ্ডাদেশ পাওয়া ২৭ জনকে আসামি করে মামলা হয়।