খুলনায় ২৮ চালকলের লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সঙ্গে চুক্তি না করা এবং চুক্তি করেও সরকারি গুদামে চাল না দেওয়ার অভিযোগে খুলনার চালকলের মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে গত সোমবার জেলার ২৮টি চালকলের লাইসেন্স (অনুমতিপত্র) বাতিল করা হয়েছে। সতর্ক করে দেওয়া হয়েছে ২৭টিকে। আরও ৫৭টি চালকলের লাইসেন্স বাতিল এবং বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, গত বোরো মৌসুমে চাল বিক্রির জন্য জেলার ১৭৬ জন চালকলের মালিককে সরকারের সঙ্গে চুক্তি করতে বলা হয়। এর মধ্যে চুক্তি করেন ১১৯ জন। তাঁদের ৫৫ জন চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করেননি। গত ১৫ সেপ্টেম্বর জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় থেকে ওই ৫৫ জনকে কারণ দর্শানোর বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাঁদের মধ্যে ২৭ জন কারণ দর্শালে তাঁদের সতর্ক করে দেওয়া হয়। অন্য ২৮ জন নির্ধারিত সময়ের মধ্যে কারণ না দর্শানোয় তাঁদের লাইসেন্স বাতিল করা হয়। জেলা খাদ্যনিয়ন্ত্রক মনিরুল ইসলাম জানান, সরকারের সঙ্গে চুক্তি করেও চাল সরবরাহ না করায় ২৮টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে। যে ৫৭ জন চালকলের মালিক সরকারের আহ্বানে সাড়া দেননি, সেই ৫৭ জনের সঙ্গে জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় কোনো সম্পর্ক রাখবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের লাইসেন্স বাতিল, জামানতের অর্থ বাজেয়াপ্ত এবং বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার প্রক্রিয়া চলছে।উল্লেখ্য, এবার খুলনা জেলায় ১৪ হাজার ৬২ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে সরকারের সংগ্রহ হয়েছে মাত্র দুই হাজার ৩৮৭ মেট্রিক টন চাল।