খুলনায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
খুলনা নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি দোকানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
আলাদাভাবে ওই দুটি অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
অভিযানে নগরের লোয়ার যশোর রোডের জিলা স্কুলের সামনের ‘ফ্রেন্ডস কর্ণার’ নামের একটি দোকানকে জরিমানা করা হয়। ওই দোকানে মোবাইলের মাধ্যমে টাকা লেনদেনের সেবা দেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল, অভিভাবকেরা অনলাইনের (ইউক্যাশ অথবা বিকাশ) মাধ্যমে স্কুলের বেতন দিতে গেলে তাঁদের কাছ থেকে ২০ থেকে ২৫ টাকা করে বেশি কেটে রাখা হতো। ওই অতিরিক্ত টাকার কোনো রসিদ দেওয়া হতো না।
সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম বলেন, ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিভাবকেরা অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করে আসছিলেন। অভিযানে গিয়েও অতিরিক্ত টাকা নেওয়ার সত্যতা মিলেছে। এরই পরিপ্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
শাহীনুর আলম আরও বলেন, এরপর নগরের সাউথ সেন্ট্রাল রোড এলাকার কয়েকটি কসমেটিকসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মূল্যতালিকা ও আমদানিকারকের স্টিকার বিহীন বিদেশি কসমেটিকস বিক্রি করার অপরাধে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। এর মধ্যে মোহিনী কসমেটিকসকে পাঁচ হাজার, উমামা শপকে তিন হাজার এবং বিসমিল্লাহ স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দোকানগুলো তাৎক্ষণিকভাবে পরিশোধ করে। অভিযানে সবাইকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুসারে ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।