খুলনায় ৫৯ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ২৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় ৫৯ জওয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। খুলনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৩ ব্যাটালিয়ন দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২-এর বিচারক বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খান গতকাল শনিবার এ রায় দেন।সাজাপ্রাপ্তদের মধ্যে সেপাই মো. শেখ আইয়ুব আলী, বি এম মনিরুল ইসলাম, মো. ফরহাদ হোসেন, মো. সোলাইমান হোসাইন, মো. শফিউর রহমান, মো. জাহিদুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মোখলেছুর রহমান, মো. মনিরুজ্জামান, ইব্রাহীম ঢালী ও মোস্তাফিজুর রহমানকে সর্বোচ্চ ছয় বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সেপাই মো. সাইদুল ইসলাম, দেলোয়ার হোসেন ও মো. নুরুদ্দিনকে চার বছর করে সশ্রম কারাদণ্ড এবং সেপাই ইমদাদুল হক, মুহাম্মদ ফারুক হোসেন, নূর আলম বাবু ও মো. রফিকুল ইসলামকে তিন বছর ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত অন্যদের মধ্যে ১০ জনকে তিন বছর, একজনকে আড়াই বছর, পাঁচজনকে দুই বছর, ছয়জনকে দেড় বছর, পাঁচজনকে এক বছর, ১০ জনকে ছয় মাস ও তিনজনকে সর্বনিম্ন চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল ২ এপ্রিল থেকে এই সাজা কার্যকর করা হবে।আদালতের কার্যক্রম শুরু হয় গতকাল বেলা সোয়া ১১টায়। প্রথমে আদালতের সভাপতি এহিয়া আজম খান মামলার শুনানি পর্যায়ের কিছু সারসংক্ষেপ পড়ে শোনান। এর পরপরই তিনি রায় ঘোষণা করেন।বিচারক প্যানেলে ছিলেন লে. কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও মেজর মুহাম্মদ তৌহিদুল ইসলাম। আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার ও মামলার কৌঁসুলি বিজিবি ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহফুজুল হক। বিশেষ কৌঁসুলি ছিলেন গাজী জিল্লুর রহমান ও মো. হাবিবুর রহমান।২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি ২৩ রাইফেলের কিছুসংখ্যক জওয়ান অস্ত্র হাতে বিদ্রোহ করেন। ওই দিন বিদ্রোহী সৈনিকেরা অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র লুট, গ্যারেজে কর্মকর্তাদের দুটি গাড়ি ভাঙচুর ও একটি গাড়িতে অগ্নিসংযোগ, অস্ত্র নিয়ে মহাসড়ক অবরোধ, ভয়ভীতি প্রদর্শন করে নিরস্ত্র সৈনিকদের অস্ত্র নিতে বাধ্য করেন এবং সৈনিক লাইনে মাইকিং করে উসকানিমূলক বক্তব্য দেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত বছরের ২৫ অক্টোবর এই মামলার বিচার শুরু হয়। গত ২২ ফেব্রুয়ারি ৫৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এদের মধ্যে ১০ জন দোষ স্বীকার করেন এবং বাকিরা নিজেদের নির্দোষ দাবি করেন।