খুলনায় ৬০টি পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে বাস
মাথার ওপরে ভাঙাচোরা ছাদ। নড়বড়ে ভিতের ওপর অসংখ্য ফাটল নিয়ে দাঁড়িয়ে আছে। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এ রকম ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত হিসেবে চিহ্নিত ৬০টি ভবনে বাস করছে কয়েক শ মানুষ। ২০০৪ সালে খুলনা সিটি করপোরেশনের পূর্ত বিভাগ এগুলোকে পরিত্যক্ত ঘোষণা করে।সিটি করপোরেশন কয়েকবার উদ্যোগ নিয়ে ভবনগুলো ভেঙে ফেলতে পারেনি। ইতিমধ্যে একাধিক ভবন ধসে দুজন নিহত ও নয়জন আহত হয়েছে। পূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ভবনগুলো নগরের বড়বাজার এলাকার ওয়েস্ট রোড, কালীবাড়ি রোড, ক্লে রোড, খালিশপুর হাউজিং এস্টেট, খানজাহান আলী রোড, ফেরিঘাট এলাকা, গগন বাবু রোড, হাজী মুহসীন রোড, শেরেবাংলা রোড, স্যার ইকবাল রোড ও খালিশপুর পিপলস পাঁচতলা কলোনি এলাকায় অবস্থিত। শত বছর বা এরও আগে এগুলো নির্মাণ করা হয়েছে।২০০৮ সালের ৩০ অক্টোবর নগরের বড়বাজারের ওয়েস্ট মেকট রোডের একটি পরিত্যক্ত ভবনের কার্নিশ ধসে দুজন নিহত ও সাতজন আহত হয়। ২০০৯ সালের ২০ জুলাই খানজাহান আলী রোডের ৯৮ নম্বর বাড়ির একাংশ ধসে হালিম শেখ ও তাঁর স্ত্রী ফরিদা গুরুতর আহত হন। খালিশপুর পিপলস পাঁচতলা কলোনি এলাকার বাসিন্দা সেলিনা বেগম বলেন, ‘কম টাকায় ভাড়া পাই, তাই থাকি। মালিক ভাঙে না, তা আমরা কী করব।’ বড়বাজার এলাকার ব্যবসায়ী নুরুল আমিন বলেন, ‘আমরা প্রায় সময় ভয়তে থাকি, এই বুঝি বাড়ি ভাঙে পড়ল। আর যদি ভাঙে পড়ে, তাহলি পথচারীসহ এলাকার মানুষ চাপা পড়ে মরবে। যত দ্রুত সম্ভব, এগুলো ভাঙা দরকার।’বড়বাজার এলাকার ওয়েস্ট মেকট, কালীবাড়ি, স্যার ইকবাল রোড ও খালিশপুর পিপলস পাঁচতলা কলোনি এলাকায় দেখা গেছে, ভবনগুলোর অধিকাংশই জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী। এগুলোর বিভিন্ন স্থানে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে।সিটি করপোরেশনের পূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১০ জুন নগরের পুরোনো ও জরাজীর্ণ ৬০টি ভবন পরিত্যক্ত হিসেবে চিহ্নিত করে পূর্ত বিভাগ। ২৩ জুন বাড়ির মালিকদের কাছে ডাকযোগে চিঠি পাঠানো হয়। এতে বাড়ির মালিকদের ২১ দিনের সময় দিয়ে বলা হয়, নিজ উদ্যোগে বাড়ি সংস্কার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অথবা ভেঙে ফেলতে হবে। পরে মালিকদের আরও কয়েক দফা চিঠি দেওয়া হয়। গত বছর একাধিকবার উদ্যোগ নিলেও বিভিন্ন জটিলতায় সিটি করপোরেশন ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙতে পারেনি।করপোরেশনের ভূসম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনের মালিকদের ভবন মেরামত অথবা ভেঙে ফেলার জন্য একাধিকবার চিঠি দেওয়া হলেও তাঁরা কোনো কাজ করেননি। তবে ঝুঁকিপূর্ণ বেশির ভাগ ভবনের মালিকানা নিয়ে আইনি জটিলতা আছে। এ কারণে আমরা নোটিশ দিলে তাঁরা আদালত থেকে নিষেধাজ্ঞা নিয়ে আসেন। এতে অভিযান চালানো যাচ্ছে না।’