খুলনায় ৯ স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞ চিকিৎসক-সংকটে খুলনার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব হাসপাতালে এসে রোগীরা চিকিৎসা না পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা সদর হাসপাতালে ভিড় করছে।খুলনার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ১৬৬টি পদের মধ্যে ৭৬টি ও বিশেষজ্ঞ চিকিৎসকের ৪৮টি পদের ২৮টিই শূন্য। এসব হাসপাতালে নিয়োগ পাওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রেষণে বা বদলি হয়ে শহরে চলে যান।ফুলতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি, মেডিসিন, নাক-কান-গলা, অর্থোপেডিক, অবেদনবিদ, চক্ষু; দিঘলিয়ায় সার্জারি, মেডিসিন; তেরখাদায় অবেদনবিদ; রূপসায় সার্জারি, মেডিসিন; ডুমুরিয়ায় মেডিসিন, অবেদনবিদ; বটিয়াঘাটায় অবেদনবিদ; পাইকগাছায় সার্জারি; দাকোপে সার্জারি, মেডিসিন, অবেদনবিদ, শিশু, নাক-কান-গলা, অর্থোপেডিক, কার্ডিওলজি, চক্ষু, চর্ম এবং কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি, স্ত্রীরোগ, মেডিসিন ও অবেদনবিদের পদ শূন্য রয়েছে।১১ জানুয়ারি বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হয় বটিয়াঘাটা গ্রামের মনোরঞ্জন সরকারের সঙ্গে। তিনি বলেন, ‘মেয়েকে নিয়ে এলাম, কিন্তু গাইনি চিকিৎসক নেই, তাই বাড়ি চলে যাচ্ছি। কালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাব।’ ফুলতলা উপজেলার বসুরাবাদ গ্রামের তারক চন্দ্র বিশ্বাস বলেন, ‘চিকিৎসক পাওয়া যায় না বলে এখন আর এই হাসপাতালে বেশি আসিনে। সরাসরি খুলনা চইলে যাই।’১৪ জানুয়ারি কয়রার মহেশ্বরীপুর গ্রাম থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রহিমা খাতুন বলেন, ‘আমাগের উপজেলার হাসপাতালে তেমন কোনো চিকিৎসক নেই। জ্বর-কাশি হলি তাগের দেহাই। কিন্তু বেশি কিছু হলি শহরে চইলে আসা ছাড়া কোনো পথ থায়ে না। আমাগের ওহেনে ভালো চিকিৎসক থাকলি এত দূর কষ্ট করে আসতি হয় না।’নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চিকিৎসক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ পেলে তদবিরের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বদলি হয়ে অথবা প্রেষণে শহরে চলে যান।সিভিল সার্জন গোলাম মোর্তুজা শিকদার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় চিকিৎসক-সংকটের কারণে শহরের হাসপাতালগুলোয় রোগীর চাপ পড়ছে। যেসব রোগী চিকিৎসার জন্য শহরে আসছে, তারা আর্থিক ক্ষতির শিকার হচ্ছে। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের শূন্য পদগুলো পূরণের জন্য প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হচ্ছে। তবে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।