খুলনায় 'বন্দুকযুদ্ধে' চরমপন্থী নিহত
খুলনার ডুমুরিয়া উপজেলায় গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফেরদাউস ইসলাম ওরফে লিটু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি একটি চরমপন্থী সংগঠনের সদস্য৷ তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে৷
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমানের ভাষ্য মতে, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের থুকড়া গ্রামের মকবুল গোসাইয়ের বাড়ি থেকে শুক্রবার রাত পৌনে আটটার দিকে ফেরদাউসকে গ্রেপ্তার করে ডুমুরিয়া থানা ও খুলনা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ তাঁকে নিয়ে রাত পৌনে দুইটার দিকে থুকড়া বাজার এলাকার আলাউদ্দিন গাজীর মৎস্যঘের এলাকায় অস্ত্র উদ্ধারে যায়। এ সময় সেখানে ওত পেতে থাকা তাঁর সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় ফেরদাউসকে পাওয়া যায়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) সক্রিয় ক্যাডার ছিলেন ফেরদাউস। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, হত্যা ও অস্ত্রসহ সাত-আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
তবে ফেরদাউসের বাবা উপজেলার থুকড়া গ্রামের রেজাউল করিম সরদার জানান, তাঁর ছেলে ২০০৯ সালে সব মামলা থেকে মুক্ত হয়ে বাড়িতে ঘের-ব্যবসা শুরু করেন৷ এমনকি মাঝেমধ্যে দিনমজুরি করেও সংসার চালাতেন।
ওসি জানান, বন্দুকযুদ্ধের সময় ইলিয়াস হোসেন ও মোসলেম হোসেন নামে দুজন পুলিশ সদস্যও আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।