খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা শৈলেন নিহত
চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রধান শৈলেন্দ্রনাথ বিশ্বাস শৈলেন (৪৫) র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া বিল এলাকায় এ বন্দুকযুদ্ধ হয় বলে র্যাব-৬ জানিয়েছে।নিহত শৈলেন শলুয়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে হত্যা, অপহরণ ও চাঁদাবাজির ২৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলার মনোরঞ্জন গোসাই ওরফে মৃণাল ১৯৯০ সালে গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী ‘নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি’। খুলনা জেলা যুবদলের সম্পাদক মোল্লা সিরাজুল ইসলাম হত্যাসহ বেশ কয়েকটি হত্যা, অপহরণ, গুম ও চাঁদাবাজির মাধ্যমে ওই বাহিনী ডুমুরিয়াসহ আশপাশের উপজেলাগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করে। র্যাব-পুলিশের অভিযানের পরিপ্রেক্ষিতে ২০০৪ সালে মৃণালসহ বাহিনীর অধিকাংশ সদস্য ভারতে আশ্রয় নেন। একই বছর মৃণাল ভারতের বনগাঁ এলাকায় প্রতিপক্ষের হাতে প্রাণ হারালে বাহিনীর দায়িত্ব পান তাঁর অন্যতম সহযোগী শৈলেন। তিনি বিভিন্ন সময় দেশে ফিরে খুলনার পাইকগাছা ও ডুমুরিয়া, যশোরের কেশবপুর, সাতক্ষীরার তালাসহ বিভিন্ন এলাকায় অপকর্ম করলেও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিলেন।খুলনা র্যাব-৬-এর উপ-অধিনায়ক মেজর সাখাওয়াত হোসেনের ভাষ্যমতে, র্যাবের একটি নিয়মিত টহল দল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে দৌলতপুর-শাহপুর সড়কের শলুয়া এলাকা অতিক্রম করছিল। এ সময় র্যাব সদস্যরা পাশের বিলে খুলনা নগরের ময়লা ফেলার জায়গার কাছে সাত-আটজনের একটি দলের উপস্থিতি টের পান। র্যাব দলটির দিকে এগোতে থাকলে তারা টের পেয়ে যায়। তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালাতে থাকে। বাধ্য হয়ে র্যাব সদস্যরাও গুলি করেন। ১০-১৫ মিনিট বন্দুকযুদ্ধের পর ১০০ গজ সামনে একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকার লোকজন তাঁকে শীর্ষস্থানীয় সন্ত্রাসী শৈলেন বলে শনাক্ত করেন। এরপর ডুমুরিয়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ শৈলেনকে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা শৈলেনকে মৃত ঘোষণা করেন।মেজর সাখাওয়াত হোসেন জানান, গোলাগুলির পর শৈলেনের হাতে চারটি গুলিভর্তি একটি বিদেশি নাইন এমএম পিস্তল পাওয়া গেছে। এ ছাড়া আশপাশে তল্লাশি করে গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।খুলনার সহকারী পুলিশ সুপার আবদুল কাদের বেগ বলেন, ‘কুখ্যাত সন্ত্রাসী শৈলেনকে ধরতে কয়েক বছর ধরে চেষ্টা করছিলাম।’