খুলনায় 'বন্দুকযুদ্ধে' হত্যা মামলার আসামি নিহত
খুলনার ফুলতলা উপজেলার ছাতিয়ানতলা দীঘির পাড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তৌহিদুল ইসলাম সবুজ (২৮) নামের একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত তৌহিদুল নিষিদ্ধঘোষিত চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) প্রধান শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড। তিনি ফুলতলা উপজেলার দামোদর গ্রামের সেলিম শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে নয়টি হত্যা ও দুটি অস্ত্র মামলাসহ এক ডজন মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক, একটি পিস্তল, বন্দুকের ১৫টি গুলি, রাইফেলের চারটি গুলি, ছয়টি বোমা ও দুটি রামদা উদ্ধার করেছে।
ঘটনা সম্পর্কে খুলনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আবদুল কাদের বেগের ভাষ্য, জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী ও নয়টি হত্যা মামলার আসামি তৌহিদুলকে গতকাল সন্ধ্যায় ফুলতলা উপজেলার দামোদর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে ফুলতলা থানায় রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি গোপন অস্ত্রভান্ডারের তথ্য দেন। রাতে তাঁকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তাঁর সহযোগীরা গুলি চালায়। আত্মরক্ষা ও সরকারি জানমাল রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে তৌহিদুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়।