খুলনায়ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা
খুলনা

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরে সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে। কাল শুক্রবার সরকারি দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির রাজপথ দখলের পাল্টা কর্মসূচি ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত্ থাকবে।
আজ দুপুরে কেএমপি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেএমপির উপসহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) রাশিদা বেগম জানান, আজ রাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহানগরে সভা, সমাবেশ ও মিছিল করা যাবে না। পাশাপাশি কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য, লাটিসোঁটা ও আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না।
তবে মহানগরের বাইরে খুলনা জেলার নয়টি উপজেলায় কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলে জানান খুলনা জেলা পুলিশ সুপার মো. গোলাম রউফ খান।
কয়েক দিন আগে থেকেই খুলনায় আওয়ামী লীগ ও বিএনপি ২৫ অক্টোবর রাজপথ দখল করে সভা, সমাবেশ ও মিছিল করার পাল্টা কর্মসূচি ঘোষণা করে।