খুলল পেট্রলপাম্প, 'বন্ধ' গাড়ির চাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার একটি পেট্রলপাম্পে হামলা ও লুটপাটের ঘটনায় থানা-পুলিশ মামলা নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সিলেট সিএনজি ও পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। অন্যদিকে, মামলায় পরিবহন নেতাদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে কাল শুক্রবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়ন।
পেট্রলপাম্প কর্তৃপক্ষের করা মামলায় সিলেট জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকসহ চারজন পরিবহন নেতার নাম উল্লেখ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মামলাটিকে ‘মিথ্যা ও উদ্দেশ্যমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়ে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে এক ঘণ্টা নগরের কদমতলী-হুমায়ূন রশীদ চত্বর অবরোধ করে রাখেন পরিবহনশ্রমিকেরা। এ সময় সড়কের উভয় দিকে দীর্ঘ যানজট দেখা দেয়।
অবরোধ কর্মসূচির পর বেলা একটার দিকে কদমতলী এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন পরিবহনের মালিক ও শ্রমিকেরা। সিলেট জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি জমির আহমদের সভাপতিত্বে এবং জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি তেরা মিয়ার সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবারের মধ্যে করা মামলা প্রত্যাহার করা না হলে কাল শুক্রবার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক, সাধারণ সম্পাদক রকিব উদ্দিন, শ্রমিক নেতা আবদুল গফুর, আনিসুর রহমান, রুনু মিয়া, মো. জাকারিয়া, দিলু মিয়া, মালিক সমিতির সহসভাপতি হেলাল মিয়া, সহসাধারণ সম্পাদক হিরণ মিয়া প্রমুখ বক্তব্য দেন। এ সময় পরিবহনশ্রমিকদের উদ্দেশে সিলেটের পাম্প ও ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ না করার জন্য সভাপতির বক্তৃতায় জমির আহমদ আহ্বান জানান।
সমাবেশ শেষে বেলা দেড়টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন পরিবহনের মালিক ও শ্রমিকেরা। মিছিলটি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বরাবরে পরিবহন নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, ‘আমিসহ কয়েকজন পরিবহন নেতাকে অকারণেই মামলায় আসামি করা হয়েছে। এর প্রতিবাদে এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মালিক ও শ্রমিক সংগঠন শুক্রবার থেকে লাগাতার পরিবহন ধর্মঘট ডেকেছে।’
এদিকে সিলেট সিএনজি ও পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী জানান, থানা-পুলিশ মামলা গ্রহণ করায় গত মঙ্গলবার রাত ১১টার দিকে পেট্রলপাম্পগুলোতে চলমান ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে গতকাল সকাল থেকে সিলেটের পাম্পগুলোতে আবার জ্বালানি বিক্রি শুরু হয়েছে।
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, পেট্রল ফিলিং স্টেশনে হামলার ঘটনায় সেলিম আহমদ ফলিকসহ চারজনকে আসামি করে মামলা হয়েছে। তবে পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে। তদন্তে সত্যতা পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কাউকেই পুলিশ অযথা হয়রানি করবে না।