খুলশি থানার ওসির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে কর্তৃপক্ষ
চট্টগ্রাম নগরের খুলশি থানা থেকে প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিয়ার রহমানের কাছে স্থানীয় পত্রিকায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়েছে। খুলশি এলাকায় জায়গা দখল-বেদখল করে আর্থিক সুবিধা নেওয়া এবং নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গত রোববার রাতে তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়। তবে কর্তৃপক্ষের আনা অভিযোগ অস্বীকার করেন তিনি।পুলিশ সূত্র জানায়, প্রত্যাহারের আদেশের খবর পাওয়ার পর মশিয়ার রহমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তাঁর এই বক্তব্য গতকাল সোমবার স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। তবে নগর পুলিশ কর্তৃপক্ষের ভাষ্য হচ্ছে, তদন্ত করে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে।পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম বলেন, মশিয়ারের বিরুদ্ধে খুলশিতে জায়গা দখল-বেদখলসহ নানা অভিযোগ পাওয়া গেছে। তিনি অভিযোগ অস্বীকার করে পত্রিকায় বক্তব্য দিয়েছেন। তাই তাঁর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হচ্ছে।অভিযোগ রয়েছে, মশিয়ার দেড় মাস খুলশিতে ওসির দায়িত্ব পালন করেন। তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ না করে দখল-বেদখলের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নেন। সম্প্রতি খুলশি এলাকায় একই রাতে তিন জায়গায় ডাকাতির ঘটনা ঘটলেও তিনি জমি দখল-বেদখলের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ওই সময় তিনি জমি দখলদারদের কাছ থেকে আর্থিক সুবিধা নেন।