রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি
খুলশী ও বায়েজিদের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
চট্টগ্রাম নগরের খুলশী ও বায়েজিদ থানাধীন সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন। গতকাল শুক্রবার বিকেলে এই আবেদন করা হয়।
মোহাম্মদ মনজুর আলম উন্নয়ন আন্দোলনের ব্যানারে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ছেন।
লিখিত অভিযোগে বলা হয়, খুলশী ও বায়েজিদ থানা এলাকায় সন্ত্রাসীদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণে সেখানে নির্বাচনের ন্যূনতম সুষ্ঠু পরিবেশ নেই।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে খুলশী, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, রুবি গেট, টেক্সটাইল গেট, শেরশাহ কলোনিসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা মেয়র পদপ্রার্থী মনজুর আলমের নির্বাচনী প্রচারকাজে বাধা দিচ্ছে। তারা নির্বাচনী কার্যালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও মনজুর আলমের কর্মী-সমর্থকদের মারধর করছে। ব্যানার-পোস্টারও ছিঁড়ে ফেলছে।
লিখিত অভিযোগে বলা হয়, সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখল করে নিজেদের প্রার্থীর পক্ষে সিল মারার আগাম হুমকি দিচ্ছে।
সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানায় চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন।
উন্নয়ন আন্দোলনের সদস্যসচিব এস ইউ এম নুরুল ইসলাম বলেন, ‘আমরা আগেও এসব বিষয়ে অভিযোগ দিয়েছি। কিন্তু দিন দিন এই ধরনের কর্মকাণ্ড বাড়ছে। এতে আমরা নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কিত।’
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের স্টাফ অফিসার মো. শাহাদাত হোসেন।