খুলশীতে পাল্টাপাল্টি হামলা দোকান বন্ধ রেখে প্রতিবাদ
চট্টগ্রাম নগরের খুলশী ঝাউতলা রেলওয়ে স্টেশন এলাকায় ব্যবসায়ী ও স্থানীয় যুবকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা দোকানে হামলা চালিয়েছেন। এরই প্রতিবাদে গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দোকানপাট খুলে দেন ব্যবসায়ীরা। গত শনিবার রাত থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝাউতলা বাজারে আবদুল আউয়াল স্বপন নামের এক ব্যক্তি একটি পাইকারি মুরগির দোকান কেনেন দুই মাস আগে। এরপর গাজী শাহজাহান নামের স্থানীয় এক যুবক তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাহজাহানের অনুসারীরা গত শনিবার রাত ১১টার দিকে দোকানে হামলা চালান। এতে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা পার্শ্ববর্তী ঝাউতলা কলোনিতে শাহজাহানের বাসায় পাল্টা হামলা চালান। এ ছাড়া গতকাল সকাল থেকে সড়ক অবরোধের চেষ্টা, গাড়ি ভাঙচুর, মিছিল এবং দোকানপাট বন্ধ রেখে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান ব্যবসায়ীরা। সকাল ১১টায় মিছিল থেকে ঢিল ছুড়লে একটি ট্রাকের কাচ ভেঙে যায় বলে পুলিশ জানায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুল ইসলাম বলেন, শনিবার রাতে একটি মুরগির দোকানে হামলা ও ভাঙচুর চালিয়েছেন স্থানীয় কয়েকজন যুবক। এরই প্রতিবাদে ব্যবসায়ীরা তাঁদের বাসায় হামলা চালান। পরদিন সকাল থেকে দুপুর পর্যন্ত দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। কয়েকটি গাড়িও ভাঙচুর করে তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে থানায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাসের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা দুপুরের পর দোকানপাট খুলে নেন।
চাঁদা দাবি করা গাজী শাহজাহান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী কি না জানতে চাইলে ওসি বলেন, ‘তালিকাভুক্ত সন্ত্রাসী নন। তাঁর রাজনৈতিক কোনো পরিচয়ও আমাদের জানা নেই। তবে ব্যবসায়ী ও তাঁর মধ্যে আগের দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।’
ঝাউতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হায়দার হোসেন বাদল বলেন, ‘শনিবার রাতে আমাদের এক ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাঙচুর চালান কয়েকজন যুবক। শুনেছি চাঁদা না পেয়ে তাঁরা হামলা চালিয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর লোকজন ও হামলাকারী লোকজন মুখোমুখি অবস্থান নিলে পুলিশকে খবর দিই। পরদিন আমরা দোকানপাট বন্ধ রাখি। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুরে দোকান খুলে দিই। পরে পরিস্থিতি শান্ত হয়।’