খুলশীতে পাহাড় কাটা চলছে
চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের কার্যালয় ও খুলশী থানা থেকে পশ্চিম খুলশী আবাসিক এলাকার দূরত্ব বড়জোর এক কিলোমিটার। তা সত্ত্বেও বিনা বাধায় পশ্চিম খুলশীর ৪ নম্বর সড়কের শেষ মাথায় মাস খানেক ধরে পাহাড় কাটা চলছে। এখানে রাতের অন্ধকারে ২০-৩০ জন শ্রমিক পাহাড় কাটেন। দিনের বেলায় ট্রাকযোগে ওই সব মাটি সরিয়ে ফেলা হয়। ৫০ শতাংশ পরিমাণ পাহাড়ের ৪ শতাংশের মতো জায়গা ইতিমধ্যে কেটে সমতল করে ফেলা হয়েছে। জানা গেছে, স্থানীয় বাসিন্দা আবু বক্কর এবং শাহ জাকির হোসেন ও তাঁদের স্বজনেরা এই পাহাড়ি জমির মালিক। তাঁরা দুজন আত্মীয়। ১৯৭৮ সালে এই পাহাড়ি ভূমি কেনা হয়। পাহাড় কাটার তত্ত্বাবধান করছেন আবু বক্কর ও তাঁর ভাই আবু সালেহ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই তাঁরা পাহাড় কাটছেন। তবে পরিবেশ অধিদপ্তর থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তাজমিনুর রহমান বলেন, ‘আমরা একবার গিয়েছিলাম ওখানে। পাহাড় কিছুটা কেটেছে। এখন আমরা বিধি অনুযায়ী ব্যবস্থা নেব। এ জন্য তারা কোনো অনুমতিও নেয়নি।’খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক বলেন, ‘আমরা দুই রাতে গিয়ে তাদের ধাওয়া করেছি। কিন্তু ধরতে পারিনি। আমাদের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের লোকও ছিলেন। পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা নেবে। এখন তারা হয়তো রাতের বেলায় পাহাড় কাটে।’প্রসঙ্গত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ব্যক্তি, সরকারি বা আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন পাহাড় ও টিলা কাটা যাবে না। প্রথমবারের জন্য কেউ এটা করে থাকলে অনধিক দুই বছর কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। পরে একই ধরনের অপরাধের ক্ষেত্রে দুই থেকে ১০ বছর কারাদণ্ড অথবা দুই থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, পশ্চিম খুলশীর ৪ নম্বর সড়কের শেষ মাথায় টিনের পাচিল দিয়ে ভেতরে রাতে পাহাড় কাটা চলছে। দিনের বেলায় ট্রাকযোগে কাটা মাটি সরিয়ে নেওয়া হয়। একসঙ্গে অন্তত ২০ জন শ্রমিক পাহাড় কাটতে থাকেন। গত বৃহস্পতিবার রাতেও পাহাড় কাটা হয়। দু-এক দিন কেটে কিছুদিন বন্ধ রাখা হয়। পরে আবার কাটা হয়। ইতিমধ্যে পাহাড়ের একটি অংশ কেটে সমতল করা হয়েছে। সেখানে একটি টিনশেড করা হয়েছে।পাহাড় কাটার কথা স্বীকার করে আবু বক্কর বলেন, ‘এই জায়গাটা আমার ভাই ও স্বজনদের। ১৯৭৮ সালে কেনার পর থেকে এখানে আমরা কোনো কাজ করতে পারিনি। ইদানীং পার্শ্ববর্তী কিছু লোক আমাদের জায়গাটি দখল করার জন্য উঠেপড়ে লেগেছে। যার জন্য আমরা পাহাড়ের কিছু মাটি অন্যত্র সরাচ্ছি।’আবু বক্কর বলেন, ‘আমরা এ জন্য পরিবেশ অধিদপ্তর কিংবা অন্য কারও অনুমতি নিইনি। এটা আমাদের ভুল হয়েছে।’