
আচরণবিধি লঙ্ঘন করে সিটি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর পক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামের প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেলে ও সন্ধ্যায় মোহরা ওয়ার্ডে মেয়র পদপ্রার্থী আ জ ম নাছিরকে নিয়ে তিনি জনসংযোগ করেন।
সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা অনুযায়ী সরকারি সুবিধাভোগী ব্যক্তি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না।
গণসংযোগে নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম নাছিরের পক্ষে ভোট চেয়ে বলেন, আ জ ম নাছির উদ্দিন নির্বাচিত হলে চট্টগ্রামে জলাবদ্ধতা দূর হবে, সন্ত্রাসমুক্ত নগরে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের জন্য যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়নে নাছিরের বিকল্প কিছু হতে পারে না।
তবে আবদুচ ছালাম মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাননি। তিনি বলেন, ‘মেয়র প্রার্থী যখন মোহরায় সালাম করতে আসে, তখন কুশল বিনিময় করা স্বাভাবিক। আমার বাড়িতে এলে তাঁকে তো এড়ানো যায় না। আমি কোনো বক্তব্য দিইনি। তা ছাড়া আচরণবিধি মেনে চলার ব্যাপারে আমি সতর্ক আছি।’
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, ‘সিডিএ চেয়ারম্যান হিসেবে উনি (ছালাম) প্রচারণা করতে পারেন না। যদি করে থাকেন তাহলে আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমরা প্রমাণ পেলে ব্যবস্থা নেব।’
২০১০ সালে চট্টগ্রাম সিটি নির্বাচনের সময় এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে নির্বাচন কমিশন তাঁকে কারণ দর্শানো নোটিশ দিয়েছিল।
এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন। গতকাল দুপুরে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করে আইনগত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। উন্নয়ন আন্দোলনের সদস্যসচিব এস ইউ এম নুরুল ইসলাম অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম উন্নয়ন আন্দোলনের ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছেন।
অভিযোগে বলা হয়, চট্টগ্রাম সফররত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী মন্ত্রীর পদমর্যাদার সরকারি সুযোগ-সুবিধাভোগী ব্যক্তি। নির্বাচনে তিনি সরকারি দলের মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনের পক্ষে ভোট প্রার্থনাসহ নানাবিধ নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা তদন্ত করে দেখা হবে।
তবে ইকবাল সোবহান চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে পেশাজীবী সমন্বয় পরিষদের মতবিনিময় সভার ব্যানারে কোনো প্রার্থী বা প্রতীকের নাম ছিল না। সেখানে আমি কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ভোট চাইনি। এর পরও কেউ যদি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে থাকে তা অপ্রত্যাশিত, অগ্রহণযোগ্য।’
গতকাল চট্টগ্রামে ‘কেমন মেয়র চাই’ শীর্ষক পেশাজীবীদের মতবিনিময় সভা হয়।
খুলশীর ওসিকে সরানোর নির্দেশ : চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ-সমর্থিত একজন কাউন্সিলর পদপ্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ ওঠার পর তাঁকে সরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়। গতকাল রাতে মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডলকে চিঠি দিয়ে এ নির্দেশের কথা জানান চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।
খুলশীর ওসিকে সরানোর পাশাপাশি সিটি নির্বাচন-সংক্রান্ত কোনো দায়িত্ব তাঁকে না দেওয়ারও নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। খুলশী থানায় নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য একজন দক্ষ, নিরপেক্ষ ওসিকে দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে চিঠিতে।
১১ এপ্রিল ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের জামায়াত-সমর্থিত বর্তমান কাউন্সিলর মাহফুজুল আলমের স্ত্রী ও সমর্থকেরা প্রচারণায় গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এরপর ১৬ এপ্রিল আরেক দফা হামলায় আহত হন মাহফুজুলের স্ত্রী ও কয়েকজন সমর্থক। এসব হামলায় আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন হিরণের সমর্থকেরা জড়িত বলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযোগ আমলে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে খুলশী থানার ওসির কাছে এ ব্যাপারে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়। তিন দিনের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশ অমান্য করায় তাঁকে সরানোর চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, ‘ওই ওসি আমাদের কোনো নির্দেশই মানছেন না। তিনি নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। তাই তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছি।