দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে যাত্রা শুরু করেছে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা বন্দর। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বন্দরে পণ্য খালাস কার্যক্রমের উদ্বোধন ও নামফলক উন্মোচন করেন। স্থানীয় লোকজন মনে করছেন, এর মাধ্যমে দীর্ঘদিনের অবহেলিত এ জনপদের যেন স্বপ্নের দুয়ার খুলে গেল।
গতকাল সরেজমিনে দেখা যায়, পণ্য খালাস কার্যক্রম উদ্বোধনকে কেন্দ্র করে কলাপাড়া উপজেলা সদরের প্রবেশদ্বার থেকে শুরু করে পায়রা বন্দর পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক তোরণ আর ফেস্টুনে সাজানো। বন্দরে পণ্য খালাসের কার্যক্রম দেখতে জড়ো হয়েছে হাজারো মানুষ। কলাপাড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বরিশাল, বরগুনা, পটুয়াখালীর বাসিন্দারাও এসেছেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এমভি পেয়ারা-৬, এমভি ফেকু মিয়া, এমভি সৈনিক-৫, এমভি নিউটেক-২, এমভি নিউটেক-৬, এমভি মেরিন-৫, এমভি মেরিন-৮, এমভি টাইগার অব ইস্ট বেঙ্গল-৭, কেএসএল প্রাইড ও কেএসএল গ্লাডিয়েটর নামের ছয়টি লাইটার ও আন্তর্জাতিক রুটে চলাচলকারী চারটি বড় জাহাজ বহির্নোঙরে অবস্থানরত এমভি ফরচুন বার্ড থেকে পণ্য খালাসের উদ্দেশ্যে ছেড়ে যায়। গত ৩১ জুলাই ৫৩ হাজার টন পাথর নিয়ে জাহাজটি পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের বহির্নোঙরে আসে। ১৩ দিন অপেক্ষা করার পর গতকাল এর পণ্য খালাসের প্রক্রিয়া শুরু হয়।
পায়রা বন্দরের কার্যক্রম দেখতে আসা কলাপাড়া পৌর শহরের বাসিন্দা রফিক বিশ্বাস (৮০) বলেন, ‘হাজার বছর ধরে গড়ে ওঠা এ অবহেলিত জনপদ আজ আলোকিত হয়েছে। পায়রার কারণে বিশ্ববাসীর কাছে আজ এ জনপদ পরিচিতি পেয়েছে। এ যেন স্বপ্নের দুয়ার খুলে যাওয়ার মতোই।’
শিল্পপ্রতিষ্ঠান মদিনা গ্রুপের উপমহাব্যবস্থাপক মো. কামরুল হাসান বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান এ বন্দর ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে পণ্য নিয়ে আসবে।’
বন্দরে পণ্য খালাসসহ আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে এরই মধ্যে প্রশাসনিক কার্যালয়, কর্মকর্তাদের থাকার জন্য আবাসিক ভবন, নিরাপত্তা ভবন, রেডিও কন্ট্রোল সিস্টেম, ব্যারাক হাউস, রিভার ট্রাফিক হাউস, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, অভ্যন্তরীণ সড়ক, শুল্কায়ন কার্যক্রম ও বিদ্যুৎ সরবরাহ-ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের পার্শ্ববর্তী রাবনাবাদ নৌ-চ্যানেলের পশ্চিম তীরে অবস্থিত পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য ২০১৩ সালের ৩ নভেম্বর জাতীয় সংসদে পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন পাস হয়। এ আইনের আওতায় রাবনাবাদ নদ ও বঙ্গোপসাগরের মোহনার মধ্যবর্তী টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া এলাকায় পায়রা সমুদ্রবন্দরের উন্নয়ন কার্যক্রম চলছে।