খুলে দেওয়া হয়েছে নিমতলী অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের (ফ্লাইওভার) গুলিস্তান থেকে নিমতলী অংশ গতকাল রোববার বিকেলে খুলে দেওয়া হয়েছে। এর আগে গত ১১ অক্টোবর গুলিস্তান থেকে যাত্রাবাড়ী-কুতুবখালী পর্যন্ত উড়ালসড়ক উদ্বোধন করা হয়েছিল।
গতকাল নিমতলী অংশ খুলে দেওয়ার সময় উড়ালসড়ক নির্মাণের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাসট্রাকচার লিমিটেডের চেয়ারম্যান ওবায়দুল করিম, ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম, উড়ালসড়ক প্রকল্পের পরিচালক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’ নামের এই উড়ালসড়ক চালু হলেও ছয়টি প্রবেশ ও সাতটি বেরোনোর পথের (র‌্যাম্প) মধ্যে সবগুলো এখনো চালু হয়নি। গোলাপবাগ, জনপথ সংযোগকারী র‌্যাম্প, সায়েদাবাদ বাস টার্মিনাল এবং ঢাকা-মাওয়া সড়কের র‌্যাম্পের কাজ বাকি রয়েছে। দ্রুত শেষ করতে এগুলোর কাজ চলছে বলে প্রকল্প পরিচালক প্রথম আলোকে জানিয়েছেন।