খুলে দেওয়া হলো উড়ালসড়ক
যান চলাচলের জন্য চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কের মূল অংশ (লালখানবাজার থেকে মুরাদপুর) পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কোরবানির ঈদের আগের দিন শুক্রবার বেলা ১১টায় এই উড়ালসড়কে গাড়ি চলাচল শুরু হয়। নগরের সিডিএ অ্যাভিনিউতে নির্মিত এই উড়ালসড়কে এখন থেকে সব ধরনের গাড়ি চলতে পারবে।
এর আগে গত ১৬ জুন উড়ালসড়কের এক পাশ সাময়িকভাবে খুলে দিয়েছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। রমজানের ঈদের আগে যানজট এড়াতে উড়ালসড়কের সব কাজ শেষ না করেই এ সিদ্ধান্ত নিয়েছিল সিডিএ। তবে শুরু থেকে ভারী যান চলাচলে প্রতিবন্ধকতা দেওয়া হয় এবং রাতের পালায় (রাত ১০টা থেকে সকাল ৮ টা) ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। আবার উদ্বোধনের ২৫ দিন পর ১০ জুলাই ওই এক পাশেও গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, মূল উড়ালসড়কের নির্মাণকাজ শেষ হয়েছে। এখন দুই নম্বর গেটের বায়েজিদ বোস্তামী সড়কমুখী র্যাম্প (গাড়ি ওঠা-নামার পথ) এবং লুপ (উড়ালসড়ক থেকে বাঁক নিয়ে অন্য রাস্তায় সংযুক্ত করা) নির্মাণের কাজ চলছে। দুই মাস পর মূল উড়ালসড়কের সঙ্গে র্যাম্প ও লুপ সংযুক্ত করার সময় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হবে।
শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ঈদের ছুটির কারণে নগরের অন্যতম ব্যস্ত সড়ক সিডিএ অ্যাভিনিউতে অন্যদিনের মতো গাড়ির জট নেই। উড়ালসড়কেও একই অবস্থা। সব ধরনের যান চলাচলের সুযোগ থাকলেও ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা যায়। বড় বাস, শহরের গণপরিবহনগুলোকে উড়ালসড়কে উঠতে দেখা যায়নি।
এদিকে নগরের লালখানবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশা করে মুরাদপুর প্রান্তে আসতে সময় লাগে আট মিনিট। নগরের লালখানবাজার প্রান্তে উড়ালসড়কের নিচের সড়কের অবস্থা কিছুটা ভালো হলেও মুরাদপুর প্রান্তে খানাখন্দে ভরা। উড়ালসড়কের নিচের রাস্তার পিচ উঠে গিয়ে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।
উড়ালসড়কের মুরাদপুর প্রান্তে দায়িত্বরত নিরাপত্তারক্ষী নুর ইসলাম বলেন, বড় গাড়ি তেমন ওঠেনি।
যাত্রীবাহী বাসচালক মোহাম্মদ হান্নান বলেন, উড়ালসড়ক দিয়ে গেলে যাত্রী পাওয়া যাবে না। সেখানে যাত্রী ওঠা-নামারও সুযোগ নেই।
সিডিএ সূত্র জানায়, র্যাম্প ও লুপসহ উড়ালসড়কের মোট দৈর্ঘ্য ৬ দশমিক ৮ কিলোমিটার। এর মধ্যে মূল অংশের দৈর্ঘ্য ৩ দশমিক ৭ কিলোমিটার।