খুলে দেওয়া হয়েছে নতুন চ্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত মঙ্গলবার রাত থেকে নতুন একটি চ্যানেল খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আশরাফ উল্লাহ খান বলেন, চ্যানেলগুলোতে নাব্যতা-সংকটের কারণে ভরাট হয়ে যাওয়ায় বারবার ফেরি আটকে যায়। এতে যাত্রী ও চালকদের নানা দুর্ভোগের মুখে পড়তে হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে একটি স্থায়ী চ্যানেল তৈরি করে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে খুলে দেওয়া হয়। কয়েক দিন ওই চ্যানেল দিয়ে ভালোভাবেই ফেরিগুলো যানবাহন নিয়ে চলাচল করলেও গত এক সপ্তাহ ধরে আবার মূল চ্যানেলটি ভরাট হয়ে যাওয়ায় ফেরিগুলো বারবার আটকে যেতে থাকে। সর্বশেষ নতুন করে একটি স্থায়ী চ্যানেল তৈরির পর মঙ্গলবার গভীর রাতে খুলে দেওয়ায় ফেরিগুলো এখন স্বাভাবিকভাবে যানবাহন নিয়ে চলাচল করছে। এই চ্যানেলেও গতকাল দুপুর পৌনে একটার দিকে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর দৌলতদিয়া থেকে ছেড়ে আসার কিছুদূর পর চরে আটকা পড়ে। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর ফেরিটি উদ্ধার হয়।