খুলে ফেলা হয়েছে পুলিশ কমিশনারের শুভেচ্ছা ব্যানার

অবশেষে বৈধ-অবৈধ বিলবোর্ডে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার আবদুল জলিল মণ্ডলের ঈদ ও পূজার শুভেচ্ছা জানানো ব্যানারগুলো খুলে ফেলা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে ব্যানারগুলো খোলা শুরু করেন পুলিশের সদস্যরা।
গতকাল শুধু প্রথম আলোতে ‘পুলিশ কমিশনারের বিলবোর্ড শুভেচ্ছায় নগরে সমালোচনা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল বেলা তিনটায় নগরের প্রবর্তক মোড় এলাকায় বড় বিলবোর্ড ও সড়ক বিভাজকে থাকা ছোট ছোট বিলবোর্ড থেকে পুলিশ কমিশনারের শুভেচ্ছা দেওয়া ব্যানারগুলো খুলতে দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যদের। এ সময় ট্রাফিক সার্জেন্ট আবদুল জলিলের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ওয়াকিটকিতে বিলবোর্ডে থাকা ব্যানারগুলো খুলে ফেলার নির্দেশনা পাওয়ার পর সব ব্যানার খুলে ফেলা হয়েছে।’
নগরের দামপাড়া পুলিশ লাইনের সামনে বেলা সাড়ে তিনটায় দেখা গেছে, একটি মিনি ট্রাকে করে নগরের বিভিন্ন স্থানের বিলবোর্ড থেকে খোলা ব্যানারগুলো পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে দুপুরে নগরের অক্সিজেন পুলিশ ফাঁড়ি ভবনের ওপর লাগানো বিশাল ব্যানার এবং নগরের পাঁচলাইশ থানার সামনে কয়েকটি ব্যানার এখনো দেখা গেছে।
নগরের কয়েকটি স্থানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা প্রথম আলোকে জানিয়েছেন, শুক্রবারের (গতকাল) মধ্যে সব ব্যানার খুলে ফেলা হবে। বৃষ্টির জন্য বড় বিলবোর্ডগুলো থেকে ব্যানার খোলা যায়নি।