খুলেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্লাস হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৩৭ দিন বন্ধ থাকার পর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছয়টি হল গত বুধবার খুলে দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। গতকাল বৃহস্পতিবার কোনো ক্লাস হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও বেগম ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট দেবাশীষ শর্মা দুপুরে প্রথম আলোকে বলেন, গতকাল সকাল পর্যন্ত ছেলেদের চারটি হলে প্রায় ২৫০ জন এবং মেয়েদের দুটি হলে মাত্র ছয়জন শিক্ষার্থী উঠেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে প্রায় ১১ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে আবাসিক ছয়টি হলে প্রায় তিন হাজার শিক্ষার্থী থাকেন।
কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, কুষ্টিয়া শহরে বেশির ভাগ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থী থাকেন। অবরোধের কারণে কোনো গাড়ি না চলায় কেউই ক্যাম্পাসে যেতে পারেননি। তবে যাঁদের নিজস্ব গাড়ি রয়েছে তাঁরা ঝুঁকি নিয়ে ক্যাম্পাসে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শাহিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের এবং ভাড়া করা গাড়ি অবরোধের কারণে বন্ধ থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে পারছেন না। এ জন্য কোনো ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। গত ৩০ নভেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত টানা ৩৭ দিন ক্যাম্পাস বন্ধ ছিল। বুধবার হলগুলো খুলে দেওয়া হয়। গতকাল সকাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়।