যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তে দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের কেউ কেউ আশার আলো দেখছেন। আবার কারও মতে, কাজটি ঠিক হয়নি। তবে ভবিষ্যৎ কী দাঁড়াবে, নিশ্চিত হতে পারছেন না কেউ।
বাঙালি রেস্তোরাঁ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পাশা খন্দকার সক্রিয়ভাবে ইইউ ছাড়ার পক্ষে প্রচার চালিয়েছেন। ইইউ ছাড়ার সিদ্ধান্ত বাংলাদেশি সম্প্রদায়ের জন্য ভালো হয়েছে উল্লেখ করে তিনি প্রথম আলোকে বলেন, ইউরোপের দেশগুলো থেকে ব্রিটেনে অভিবাসী আসার জোয়ার কমলে ঘরবাড়ির দাম কমবে, ভাড়াও কমবে—এটা বাংলাদেশি সম্প্রদায়ের জন্য ভালো হবে। তাঁর আশা, এখন সরকারের অভিবাসন নীতিতে সমতা আসবে এবং রেস্টুরেন্ট খাতসহ বিভিন্ন কাজের জন্য বিদেশ থেকে প্রয়োজনীয় দক্ষ লোক আনা সহজ হবে। ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এনাম আলীও অনেকটা একই প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে ইইউর অন্যান্য সদস্য দেশে নাগরিকত্ব থাকার সুবাদে যেসব বাংলাদেশি যুক্তরাজ্যে এসে বসবাস করছেন—গণভোটের ফলাফলে তাঁরা মর্মাহত। প্রথম আলোর সঙ্গে আলাপকালে ইতালি ও পর্তুগাল থেকে আসা বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক প্রায় একই সুরে কথা বললেন। তাঁরা বলেন, ইইউ নাগরিকদের যুক্তরাজ্যে অবস্থানের ব্যাপারে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে এখনো কিছুই জানেন না তাঁরা। যদি তাঁদের যুক্তরাজ্য ছেড়ে যেতে হয়, সেটি হবে বেশ কষ্টদায়ক।
ইইউ প্রশ্নে গণভোট এবং এর ফলাফলকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে ব্যাখ্যা করেছেন লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটির সমাজনীতি (সোশ্যাল পলিসি) বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক শামসুল আলম। তিনি বলেন, এই গণভোট ইইউতে থাকা না থাকা বিষয়ে নয়। এটি ছিল মূলত যুক্তরাজ্য অভিবাসীদের কতটুকু গ্রহণ করবে, তাঁদের সঙ্গে কেমন আচরণ করবে সেই বিষয়ে।
ইইউ ছাড়ার সিদ্ধান্তের প্রথম গরমের আঁচটা পেয়ে গেছেন সেই সব বাঙালি, যাঁরা বাংলাদেশে নিয়মিত টাকা পাঠান। গত বৃহস্পতিবার ১ পাউন্ডের বিনিময়ে ১১৬ টাকা দেশে পাঠানো গেছে। কিন্তু ইইউ ছাড়ার খবরে পাউন্ডের দরপতনের ফলে গতকাল শুক্রবার প্রতি পাউন্ডে পাওয়া গেছে মাত্র ১০৪ টাকা। ঈদ উপলক্ষে দেশে টাকা পাঠিয়ে কায়সার নামে একজন বললেন, এক লাখ টাকা দেশে পাঠাতে তাঁকে প্রায় ৭৩ পাউন্ড বেশি দিতে হলো।
এদিকে, পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান লন্ডন ট্রেডিশনের পরিচালক মামুন চৌধুরী বলেন, ইইউর সঙ্গে নতুন সম্পর্ক কেমন হবে, তার ওপর নির্ভর করছে তাঁর ব্যবসার ভবিষ্যৎ।