খুশির দিনে কষ্টই নিয়তি
ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত খুলনার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার দুই লক্ষাধিক মানুষের কাছে ঈদ যেন আনন্দের চেয়ে কষ্টের। কারণ, বাঁধে আশ্রয় নেওয়া এসব মানুষ ঠিকমতো দুবেলা খাবারই খেতে পারে না। ঈদের জন্য বাড়তি টাকা খরচ করার মতো সামর্থ্য তাদের নেই। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর: খুলনা: ‘বান্দের উপর দ্যাড় বোছোর ধরি রইছি। বোর্ষায় ভিজি, খাই না-খাই কুনো রুকম বাঁচি আছি, বাবা। কুনোভাবে দুবেলা কডা খাতি পাল্লি হয়। আমাগে আর ঈদ করা আসতিছ না।’ কথাগুলো বলছিলেন আইলাদুর্গত খুলনার দাকোপ উপজেলার নলিয়ান গ্রামের আফসার আলী সানা (৬৩)। আইলার কারণে বসতঘর ও জমি হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া এই এলাকার মানুষের মনে ঈদের আনন্দ নেই। তাদের কাছে এখন ঈদের আনন্দের চেয়ে পেট পুরে খেতে পারাটাই আনন্দের। আইলাদুর্গত কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের রাস্তার ওপর কয়েক শ পরিবারের সদস্যের মধ্যে ঈদের কোনো প্রস্তুতি লক্ষ করা যায়নি। ঘূর্ণিঝড় আইলার আঘাতে লন্ডভন্ড হয়ে যাওয়া খুলনার দাকোপ ও কয়রা উপজেলার লক্ষাধিক মানুষ এবারও ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। ১৫ মাস ধরে নিজেদের ভিটায় ফিরতে না পেরে তারা পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপর মানবেতর জীবনযাপন করছে। সাতক্ষীরা: ঘূর্ণিঝড় আইলার আঘাতে শ্যামনগর ও আশাশুনির অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িতে পানি থাকায় অনেকে বসতঘরে ফিরে যেতে পারেনি। তারা এখন পাউবোর বাঁধে খুপরিঘর তুলে বাস করছে। দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করাই তাদের জন্য বেশ কষ্টের। এ অবস্থায় ঈদের নতুন জামা ও ভালো খাবারের জন্য টাকা খরচ করার মতো অবস্থা তাদের নেই। শ্যামনগরের পদ্মপুকুর, গাবুরা, বুড়িগোয়ালি, মুন্সিগঞ্জ, আঠুলিয়া, কাশিমাড়ি এবং আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে তীব্র কর্মসংস্থান সংকট। গাবুরার কপোতাক্ষ নদের তীরে পাউবোর বাঁধে আশ্রয় নেওয়া ভাগ্য বিবি বলেন, ‘আমাগো আর ঈদির কতা বলতি হুবি না, সর্বনাশা আইলা আমাগো ঈদ ক্যাড়ে নেছে।’