খুশির মৌসুমে বড় দুর্ঘটনা সাঁথিয়ার গ্রামে শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার ছোন্দহ-রাঙামাটিয়া গ্রামের দিনমজুর রবিউলের (২৭) চার বছর বয়সী ছেলে বাবার কাছে আবদার করেছিল ব্রয়লার মুরগি দিয়ে ভাত খাওয়ার। অভাবের সংসারে চাল-ডাল কেনাই যেখানে ঠিকমতো হয়ে ওঠে না, সেখানে ছেলের আবদার রাখবেন কী করে? তবে ছেলেকে কথা দিয়েছিলেন, ধানকাটার মৌসুম এলেই মুরগি কিনে খাওয়াবেন তাকে। গত মঙ্গলবার ধানকাটার কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি ছেলেকে আদর করে বলেছিলেন, ‘বাড়িত আসার সুমায় তোর জন্যে মুরগি নিয়্যা আসপোনে।’ স্ত্রীকে বলেছিলেন, ‘বিদ্যাশে এবার ধানকাটা কামলার খুব দাম। ১৫ দিন পর বাড়ি আইস্যা তোর যা যা লাগে তার সবই কিইন্যা দেবোনে।’স্ত্রী-সন্তানকে দেওয়া কথা রাখতে পারেননি রবিউল। ধান কাটতে যাওয়ার পথে সিরাজগঞ্জের শাহজাদপুরের পারকোলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। সঙ্গে নিহত হন তাঁর এক সহোদরসহ মোট ১০ জন। নিহত ব্যক্তিদের সবাই ধান কাটতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যাচ্ছিলেন। তাঁরা সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের বাড়িই ছোন্দহ-রাঙামাটিয়া গ্রামে। মঙ্গলবার রাত ১২টার দিকে গ্রামের কবরস্থানে পাশাপাশি ছয়টি খবর খুঁড়ে তাঁদের দাফন করা হয়।নন্দনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক বলেন, ‘আমার ইউনিয়নে এমন শোকাবহ পরিস্থিতি এর আগে কখনো হয়নি। ইউনিয়নে কামলা ও দিনমজুরের সংখ্যা প্রচুর। ধানকাটা মৌসুমে পারিশ্রমিক বেশি পাওয়া যায় বলে তাঁরা সারা বছর ধরে এই মৌসুমের অপেক্ষায় থাকেন। অথচ খুশির এমন মৌসুমেই এত বড় দুঃখজনক ঘটনা ঘটে গেল।’নিহত রবিউল ও সুরুজ ছিলেন সহোদর। তাঁদের বাবা বেল্লাল প্রামাণিক ও মা শরীফা খাতুন। বেল্লাল প্রামাণিক জানান, তিনি ও তাঁর স্ত্রী দুজনই প্রায় চলনশক্তিহীন। পালা করে তিন ছেলের সংসারে তাঁরা খাওয়া-দাওয়া করতেন। বাড়ির অন্যদিকে আহাজারি করছিলেন সুরুজের স্ত্রী কবেরা খাতুন ও রবিউলের স্ত্রী মুর্শিদা খাতুন। এর মধ্যেই মন ভার করে ঘুরে বেড়াচ্ছিল রবিউলের অবুঝ সন্তান মাহফুজ (৪)। বাবার কথা জিজ্ঞেস করতেই সে বলে, ‘আব্বা কইছিল বয়লার (ব্রয়লার) মুরগি নিয়্যা আসপি। কিন্তু সগলেই কয়, আব্বা বলে মইরা গ্যাছে।’রবিউল ও সুরুজের সঙ্গে তাঁদের বড় ভাই চাঁদ আলীও ধানকাটার কাজে যাচ্ছিলেন। তিনি সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান। তিনি জানান, তাঁদের গ্রাম থেকে ১৪ জন একসঙ্গে ধানকাটার জন্য তাড়াশের উদ্দেশে রওনা হন। বেড়া বাসস্ট্যান্ডে গেলে তাঁদের সঙ্গে যোগ দেয় শংকরপাশা ও খয়েরবাড়িয়া গ্রামের ১৫ জনের আরেক দল ধানকাটার শ্রমিক। সবাই মিলে এক হাজার ৫০ টাকায় তাড়াশের বিলসাড়া বাজার পর্যন্ত একটি নছিমন ভাড়া করে গাদাগাদি করে তাতে উঠে পড়েন। শাহজাদপুরের পারকোলায় গিয়ে নছিমনটির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।ছোন্দহ-রাঙামাটিয়া গ্রামের আরব আলী, কামরুল ও রেজাউলও ওই নছিমনে ধানকাটার শ্রমিক হিসেবে যাচ্ছিলেন। দুর্ঘটনায় রেজাউল ঘটনাস্থলেই নিহত হন। কিছুটা আহত হয়ে আরব আলী বাড়ি ফিরে এলেও কামরুলকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁদের মা কমেলা খাতুন ঘটনা শোনার পর থেকে শয্যাশায়ী। নিহত রেজাউলের স্ত্রী আহাজারি করতে করতে বলেন, ‘উনি কইছিল ধান কাইট্যা ফির্যা আসার পর সংসারের অভাব দূর হবি। কিন্তু এহন কী সব্বনাশ আমাগরে হয়া গেল। এহন কিডা আমাগরে দেখপি?’দুর্ঘটনায় শংকরপাশা গ্রামের আবদুল বারেক ও লোকমান হাকিম এবং ওই গ্রামের পার্শ্ববর্তী খয়েরবাড়িয়া গ্রামের আবুল হাশেম নিহত হন। তাঁদের তিনজনকে খয়েরবাড়িয়া কবরস্থানে দাফন করা হয়। এ ছাড়া নিহত হন স্বরূপকাঠি গ্রামের ফারুক।