খেজুর গুড়ে চিনি-আটা-আলু-রং
সামান্য খেজুরের রস বা খেজুরের গুড়ের সঙ্গে চিনি, আটা, আলু ও একধরনের রং মিশিয়ে রাজশাহীতে তৈরি হচ্ছে খেজুরের গুড়। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাজারের অধিকাংশ গুড় এভাবেই তৈরি হচ্ছে। স্থানীয় লোকজন ব্যঙ্গ করে এর নাম দিয়েছে ‘হাইব্রিড খেজুরের গুড়’।খোঁজ নিয়ে জানা গেছে, জেলার চারঘাট, বাঘা ও পুঠিয়ায় একশ্রেণীর মানুষ এভাবে গুড় তৈরিকে ব্যবসা হিসেবে নিয়েছেন। খুচরা বাজারে চিনি ৫৪-৫৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। চিনি মেশানো গুড় ৬০-৬২ টাকা কেজি দরে বিক্রি হয়।বাঘা উপজেলার পীরগাছা গ্রামে গিয়ে কথা হয় আবদুর রশিদের সঙ্গে। কড়াইয়ে চিনি ঢালছেন তিনি। কড়াইয়ের মধ্যে অল্প রস, বেশির ভাগই চিনি। রশিদ বলেন, ‘আসল খেজুরের গুড়ের চেয়ে দু-এক টাকা কমে বেচি হাইব্রিড গুড়। কেজিপ্রতি তিন-চার টাকা লাভ থাকে।’উপজেলার দিঘা দাবিয়াতলা গ্রামে শাজাহান আলীর বাড়িতে গিয়ে দেখা গেছে, দুটি চুলায় বড় কড়াইয়ে গুড় তৈরির কাজ চলছে। গাছি করিম জানান, চিনি দিলে গুড়ের রং সাদা হয়ে যায়। এ জন্য তাঁরা ‘হাজার পাওয়ারের রং’ ব্যবহার করেন। এই রং সামান্য দিলেই গুড়ের আসল রং চলে আসে। স্থানীয় মুদি দোকানে এই রং কিনতে পাওয়া যায়।বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার, রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল হাই প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা ছাড়া কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে বলা যায়, খাওয়ার উপযোগী রং চামড়ায় লাগে না। অথচ এ রং ধুয়েও হাত থেকে ওঠানো যায় না। খাবারের সঙ্গে মানুষ এ রং খেলে পেটের ভেতরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে প্রলেপ পড়ে যাবে।’রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এন্তাজুল হক বলেন, শুধু চিনি মেশানোয় হয়তো খেজুরের গুড় তার গুণগত মান হারাচ্ছে। এ ছাড়া তেমন ক্ষতি হবে না। তবে তারা যে রং মেশাচ্ছে, তা মানুষের জন্য বিষ। এগুলো খাবার রং নয়। এ কারণে মানবদেহের ক্ষতি হতে পারে।চারঘাটের মেরামতপুর-দিড়িপাড়া, মিঞাপুর, পরানপুর ও পিরোজপুর এলাকায় গিয়ে খেজুড়ের গুড় তৈরির ভিন্ন চিত্র দেখা গেল। এই গ্রামগুলোর কিছু কিছু জায়গায় এক মণ গুড় তৈরিতে ১০ কেজি খেজুর গুড়, ১০ কেজি চিনি, আট কেজি আখের গুড়, পাঁচ কেজি চিটাগুড়, পাঁচ কেজি আলু ও তিন কেজি আটা ব্যবহার করেন। সব মিলিয়ে ৪০ কেজি ওজন দাঁড়ায়। স্থানীয় বাজারে থেকে তাঁরা তিন টাকা কেজি দরে পুরাতন আলু, ২২ টাকা কেজির আটা, ৩২ টাকা কেজির চিটাগুড়, ৪৪ টাকা কেজি দামের আখের গুড় কিনে এই মিশ্রণে ব্যবহার করেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যবসায়ী জানান। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ হাশমী বলেন, খবর পেয়ে পুলিশ কদিন আগে উপজেলার পীরগাছা নতুনপাড়া গ্রামে অভিযান চালায়। তাঁরা যেসব উপকরণ ব্যবহার করছেন সে সম্বন্ধে জ্ঞান ও ম্যাজিস্ট্রেট না থাকায় ভ্রাম্যমাণ আদালত করা যায়নি। তবে তাঁদের সতর্ক করে দিয়ে আসা হয়েছে।