খেজুর, ছোলা ও মসুর ডালের মূল্য নির্ধারণ
পবিত্র রমজান মাস সামনে রেখে খেজুর, ছোলা ও মসুর ডালের খুচরা ও পাইকারি মূল্য নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নির্ধারিত দাম অনুযায়ী প্রতি কেজি ইরাকি জাহেদি খেজুরের পাইকারি পর্যায়ে সর্বোচ্চ দর ৭২-৭৫ টাকা ও খুচরা ৭৫-৮৫ টাকা হবে। এ ছাড়া, প্রতি কেজি অস্ট্রেলীয় ছোলার সর্বোচ্চ পাইকারি দর ৫২-৫৪ টাকা ও সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা। কানাডার মসুর ডাল রকমভেদে সর্বোচ্চ পাইকারি মূল্য ৭২-৭৫ টাকা ও খুচরা মূল্য ৭৫-৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার থেকে এই নির্ধারিত মূল্য কার্যকর হবে।
অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মর্তুজা রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে খেজুর, ছোলা ও মসুর ডালের আমদানি, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে এসব পণ্যের খুচরা ও পাইকারি মূল্য নির্ধারণ করার বিষয়টি চূড়ান্ত করা হয়। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট পণ্যের আমদানিকারকেরা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, দেশে খেজুর, ছোলা ও মসুর ডালের পর্যাপ্ত মজুদ রয়েছে। ফলে এক সপ্তাহ অথবা ১০ দিনের মধ্যে এসব পণ্যের দাম আরও কমতে পারে।
এর আগে গত ৩০ জুন মন্ত্রণালয় চিনি ও ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেয়। নির্ধারিত দর অনুযায়ী প্রতি কেজি চিনি মিলগেটে সর্বোচ্চ ৪১.৫০ টাকা, পাইকারি পর্যায়ে ৪২.৫০ টাকা ও খুচরা মূল্য ৪৫.৫০ টাকা। পাম অলিন মিলগেটে সর্বোচ্চ প্রতি লিটার ৬৯ টাকা, পাইকারি ৭০ টাকা ও খুচরা পর্যায়ে মূল্য ৭৩-৭৫ টাকা।
এ ছাড়া, খোলা সয়াবিন তেল (লুজ) মিলগেটে প্রতি লিটার সর্বোচ্চ ১০১ টাকা, পাইকারি মূল্য ১০২ টাকা ও খুচরা মূল্য ১০৫-১০৮ টাকা। আর বোতলজাত সয়াবিন তেল এক লিটার ১২৭ টাকা এবং পাঁচ লিটারে যে দাম আছে তা থেকে ২৫ টাকা কমে মূল্য নির্ধারণ করা হয়।