খেজুর পাতায় থানার প্রাচীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় শ বছরের পুরোনো নাটোরের লালপুর থানার সীমানাপ্রাচীর এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি। সম্প্রতি থানার একাংশে খেজুর পাতার বেড়া দিয়ে প্রাচীর নির্মাণ করা হয়েছে।লালপুর থানা সূত্রে জানা গেছে, ১৮২৭ সালে লালপুরে একটি পুলিশ ফাঁড়ি বসানো হয়। ১৮৬৯ সালে লালপুর থানা নির্মাণের জন্য ২ দশমিক ১৩ একর জমি অধিগ্রহণ করা হয়। মাত্র এক হাজার টাকা ব্যয়ে ১৮৯৯ সালে ছয় কক্ষের একতলা ভবন নির্মাণ করা হয়। তবে ওই সময়েও থানার সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়নি। পরে থানার নিরাপত্তা রক্ষায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়। সেই কাঁটাতারও নষ্ট হয়ে গেছে। এখন চারপাশ খোলা রয়েছে। ফলে পদ্মা নদীর তীরবর্তী লালপুর থানা এখন অরক্ষিত অবস্থায় রয়েছে। সম্প্রতি থানার সীমানার একাংশে খেজুর পাতার বেড়া দিয়ে সাময়িক প্রাচীর নির্মাণ করা হয়েছে।লালপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, থানা চত্বরে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বাসাবাড়ি রয়েছে। সেখানে মহিলারাও আছেন। তাঁদের জন্যই খেজুর পাতা দিয়ে বেড়া তৈরি করে দেওয়া হয়েছে। তবে সীমানাপ্রাচীর নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রাচীর না থাকায় থানার নিরাপত্তা ঝুঁকি রয়েছে। জরুরি ভিত্তিতে সীমানাপ্রাচীর নির্মাণ প্রয়োজন।