যশোরের ঐতিহ্য খেজুরের রস-গুড়-পাটালি। এই ঐতিহ্য রক্ষা যেন দিন দিন কঠিন হয়ে পড়ছে। গাছ থেকে রস সংগ্রহ করা গাছির (চাষি) সংখ্যা কমছে। নতুন করে কেউ এ পেশায় আসছেন না। যে কারণে যশোরের প্রায় অর্ধেকসংখ্যক খেজুরগাছ এখনো রস সংগ্রহের উপযোগী করা হয়নি। অথচ অন্য বছর শীত মৌসুমের আগেই আশ্বিন-কার্তিক মাসে গাছের মাথা ছুলে রস বের করার উপযোগী করা হতো।
গত রোববার যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া, বাহাদুরপুর, পাঁচবাড়িয়া, কনেচপুর, কাশিমপুর, শালতা, এনায়েতপুর, কেফায়েতনগর, বলনগর, শ্যামনগর, বারীনগর, হৈবতপুর, চূড়ামনকাটি ও খয়েরতলা ঘুরে দেখা গেছে, অধিকাংশ গাছ পড়ে রয়েছে। রস বের করার জন্য গাছের মাথা ছুলে উপযোগী করা হয়নি। গাছের মালিকেরা গাছি খুঁজে পাচ্ছেন না।
পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের পরিবারের ১০৪টি খেজুরগাছ রয়েছে। গাছি পাওয়া যাচ্ছে না। যে কারণে গাছগুলো পড়ে রয়েছে। অথচ অন্যান্য বছর কার্তিক মাসের আগেই গাছগুলো বর্গা দেওয়া হতো। গাছি এ সময়ে রস বের করার জন্য গাছ উপযোগী করে রাখতেন। কিন্তু এ বছর রস-গুড়ের আশা করা যাচ্ছে না।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর জেলায় ৭ লাখ ৯১ হাজার ৫১৪টি খেজুরগাছ রয়েছে; যা থেকে গত বছর ৪ হাজার ৬৪০ মেট্রিক টন গুড় ও প্রায় ৪০ মেট্রিক টন রস উৎপাদিত হয়েছে।
গাছির সংকট হওয়ার কারণ জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক এমদাদ হোসেন শেখ বলেন, ‘খেজুরগাছ কেটে রস বের করে গুড় উৎপাদন করা বেশ পরিশ্রমের কাজ। তরুণ প্রজন্মের কেউ এ পেশায় আসতে আগ্রহী হয় না। আগের সেই বৃদ্ধ বা মধ্যবয়সীরা পেশাটা টিকিয়ে রেখেছেন। তাঁরাই এখনো এ পেশার ভরসা। তা ছাড়া রস থেকে গুড় উৎপাদনে যে খরচ হয়, তা কৃষকদের উঠছে না। এ কারণে হয়তো গাছির সংকট দেখা দিয়েছে।’
দুই বছর আগে এই পেশা ছেড়ে দিয়েছেন কাশিমপুর গ্রামের আবদুল হাকিম। কেন এ পেশা ছাড়লেন—জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েক বছর ধরে তুলনামূলক শীত কম পড়ছে। আগে বছরের অন্তত ছয় মাস কমবেশি রস সংগ্রহ করা যেত। একটি গাছ থেকে এক রাতে এক ভাঁড় (কলসি) রস পাওয়া যেত। কিন্তু এখন আর সে রকম রস হয় না। যে কারণে লোকসান হয়ে যায়। শুধু কষ্ট করাই সার হয়। তাই ওই কাজ করা বাদ দিছি।’
এ বছর গাছ থেকে রস ও গুড় উৎপাদন করছেন একই গ্রামের মতিয়ার রহমান। তিনি বলেন, ‘গাছের মালিকের সঙ্গে রস অর্ধেক ভাগাভাগির চুক্তিতে গাছ ছুলে রস সংগ্রহ করি। পরে গুড় উৎপাদন করে হাটবাজারে বিক্রি করি। ২৫ বছর ধরে এ কাজ করে যাচ্ছি। পুরোনো পেশা। তাই লাভ হোক আর লোকসান হোক, করে যাচ্ছি। প্রতিবছর ৮০টি খেজুরগাছ থেকে রস সংগ্রহ করি। এ বছরও করব।’