খেজুর রসের টানে, গাছির বাড়ির পানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতে খেজুরগাছে রসের হাঁড়ি। ছবি: লেখক
শীতে খেজুরগাছে রসের হাঁড়ি। ছবি: লেখক

প্রকৃতিতে চলছে মাঘ মাস। কথিত আছে, মাঘের শীতে নাকি বাঘ কাঁদে। কিন্তু শীতের সকালে খেজুরের রস খেতে কার না ভালো লাগে। তাই তো মাঘের তীব্র শীতকে উপেক্ষা করে আমরা কজন বন্ধু গিয়েছিলাম খেজুর রসের টানে, গাছির বাড়ির পানে।

তখন সকাল ছয়য়টা বাজে। বন্ধু শোভন ফোন দিয়ে বলল, ‘আজাহার, তাড়াতাড়ি ওঠ।’ উঠে রেডি হয়ে গেলাম ক্যাম্পাসের বঙ্গবন্ধু হলের পকেট গেটের কাছে। গাছির বাড়ি যাওয়ার একমাত্র বাহন ভ্যান। ক্যাম্পাসসংলগ্ন শেখপাড়া বাজার থেকে ভ্যান নিয়ে রওনা দিলাম। শোঁ শোঁ আওয়াজে ছুটে চলেছে ভ্যানগাড়ি। চলছে খুনসুটি, আড্ডা আর গান।

ভ্যানে গ্রামের ভাঙা রাস্তা দিয়ে দুলতে দুলতে, ঝাঁকি খেতে খেতে চলছি গাছির বাড়ি। অপেক্ষা আর সইছেই না। উৎকণ্ঠা একটাই—কখন পৌঁছাব গাছির বাড়ি। পান করব ‘অমৃত সুধা’—খেজুরের রস।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে তিন কিলোমিটার দূরে হাশেম গাছির বাড়ি। তিনি প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই ছুটে যান খেজুরগাছে ঝুলে থাকা হাঁড়ি তুলতে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তাঁর বাড়িতে দেখা মেলে রসের টানে দূরদূরান্ত ছুটে আসা অনেক মানুষ।

বন্ধুদের সঙ্গে লেখক।
বন্ধুদের সঙ্গে লেখক।

গাছি ঘাড় থেকে রসের ভাঁড় নামানোর সঙ্গে সঙ্গেই নিলাম এক ভাঁড়। নিয়ে চললাম গাছির বাড়ির পাশেই এক খোলা মাঠে। একেকজন যেন তৃষ্ণার্ত হয়ে আছে। ভাঁড় রাখার সঙ্গে সঙ্গেই গ্লাসে ঢেলে খাওয়া শুরু। চুমুকেই যেন তৃষ্ণার্ত হৃদয়ে বয়ে যায় অন্য রকম আনন্দ। যতটা না খাওয়া, তার চেয়ে বেশি ব্যস্ত ছবি তোলা নিয়ে। ক্লিকে ক্লিকে ধারণ করতে ভুললাম না এ আনন্দঘন মুহূর্ত।

ভ্যানে গেলেও ফিরলাম হেঁটেই। গ্রামের সরু আঁকাবাঁকা মেঠো পথ বেয়ে হেঁটে চলেছি। হাসি, ঠাট্টা, গান আর খুনসুটিতে হাঁটতে হাঁটতে চলে এলাম ক্যাম্পাসে। অনেকটা পথ হাঁটার পর সবাই ক্লান্ত। একটু ক্লান্ত হলেও এক নতুন অনুভূতি এবং খুশির ছাপ লক্ষণীয় সবার চোখেমুখে। অল্প সময়ে কাটল এক অসাধারণ মুহূর্ত, যা মানসপটে ধারণ করার মতো।

লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া