খেজুরগাছের দখল নিয়ে চাচার হাতে দুই ভাই খুন
একটি খেজুরগাছের দখল নিয়ে রাজশাহীর চারঘাটে চাচার হাতে খুন হয়েছেন আপন দুই ভাই। এ খুনের ঘটনা ঘটেছে গতকাল শনিবার দুপুরে। নিহত দুই ভাইয়ের নাম নজমুল (৩৭) ও নাজমুল (৩৫)। পুলিশ চাচাসহ পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চারঘাটের সরদহ ইউনিয়নের হুজরপাড়া গ্রামের মৃত আলমের পরিবার এবং তাঁর ছোট ভাই বাচ্চুর পরিবারের সীমানায় একটি খেজুরগাছ ছিল। এই প্রথমবারের মতো খেজুরগাছটি রস দেওয়ার উপযোগী হয়েছে। কিন্তু উভয় পরিবারের মধ্যে গাছটির মালিকানা নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। চাচা বাচ্চু দাবি করেন, গাছটি তাঁর সীমানায় আর ভাতিজাদের দাবি, গাছটি তাঁদের আঙিনায়। গতকাল দুপুর ১২টার দিকে নজমুল গাছটি ঝুড়তে (রসের ঘাট তৈরি) যান। বুঝতে পেরে বাচ্চু (৫৫), তাঁর ছেলে বাবু (১৮), মেয়ে সীমা (১৬) ও স্ত্রী বেবী (৪০) ফলা, হাঁসুয়া ও লাঠি নিয়ে নজমুলের ওপর চড়াও হয়। ফলার আঘাতে নজমুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় তাঁর ছোট ভাই নাজমুল এগিয়ে এলে তাঁকেও চাচা আক্রমণ করেন। ফলা তাঁর পেটে বিদ্ধ হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়। খবর পেয়ে চারঘাট থানার পুলিশ স্ত্রী, কন্যা, ছেলেসহ বাচ্চুকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে গতকাল বিকেলে নাজমুলের স্ত্রী শামসুন্নাহার বাদী হয়ে হত্যা মামলা করেন।চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে আসামিদের আটক করে নিয়ে এসেছেন। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাচ্চু হত্যার দায় স্বীকার করেছেন।