খেজুরবাগান থেকে ফার্মগেট পার হতেই এক ঘণ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে আজ ছিল তীব্র যানজট। এতে চরম দুর্ভোগে পড়ে মানুষ। ছবিটি আজ বিজয় সরণি এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
রাজধানীতে আজ ছিল তীব্র যানজট। এতে চরম দুর্ভোগে পড়ে মানুষ। ছবিটি আজ বিজয় সরণি এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

‘খেজুর বাগানে আমার বাস ঢুকেছে দুপুর একটায়। ফার্মগেটের মাথায় আইছি ঠিক দুইটায়। পাক্কা এক ঘণ্টা লাগছে। যাত্রাবাড়ী কহন যামু জানি না।’ বৃহস্পতিবার বৃষ্টিমুখর দুপুরে ফার্মগেটে পুলিশ বক্সের সামনে কথাগুলো বললেন মো. ইলিয়াস, যিনি গাবতলী থেকে যাত্রাবাড়ী ৮ নম্বর রুটের একটি বাসের চালকের সহযোগী। 

মাত্র আধাকিলোমিটার পথ এক ঘণ্টায় পাড়ি দেওয়ার কারণ হিসেবে বিরামহীন বৃষ্টিকেই দায়ী করলেন ২৫ বছর বয়সী এই যুবক।
বৃষ্টিতে ভিজে একাকার ইলিয়াস আরও জানান, সকাল সাড়ে সাতটায় প্রথম ট্রিপ নিয়ে গাবতলী থেকে রওনা হন তাঁরা। এ সময় যানজট তেমন ছিল না। এক ট্রিপ দিয়ে বেলা ১১টায় গাবতলী ফেরার পরই শুরু হয় বৃষ্টি। এতে দ্বিতীয় ট্রিপেই বাসটিকে পড়তে হয় এই যানজটের কবলে। ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, ফার্মগেটের এই যানজট খেজুরবাগান ছাড়িয়ে যায় মানিক মিয়া অ্যাভিনিউর ন্যাম ভবন পর্যন্ত।
তেজগাঁও ট্রাফিক জোনের সহকারী কমিশনার রাজীব দাস বলেন, ‘বৃষ্টির কারণে রাস্তার অনেক জায়গায় পানি জমে গেছে। এতে গাড়িগুলো ধীর গতিতে চলায় সৃষ্টি হয়েছে যানজট।’
তবে কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী সড়কে গাড়ির চাপ কম থাকলেও, সড়কটির উল্টো পাশের চিত্র ছিল সম্পূর্ণ আলাদা।
শাহবাগের ট্রাফিক সার্জেন্ট মো. ফিরোজ দুপুর আড়াইটার দিকে প্রথম আলোকে বলেন, রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেটের দিকে গাড়ি চলছে থেমে থেমে।
বাংলামোটর মোড়ে উত্তরাগামী এক বাসযাত্রী আহসান হাবিব বলেন, ‘এমন কোনো রাস্তা নেই যেখানে আটকাতে হয়নি। বাধ্য হয়ে দুবার বাস বদল করেছি। উত্তরা যাওয়ার আগে তো আমেরিকা যাওয়া যায়।’
ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাজধানীর সব ভিভিআইপি সড়কেই যানজট। ঈদের কেনাকাটার জন্য বিপণি বিতানগুলোর সামনে জটের মাত্রাটা বেশি। তা ছাড়া সপ্তাহের শেষ কর্মদিবস। তাই ভিআইপি সড়কগুলোয় বেশি গাড়ি চলাচল করছে। এই যানজট ছড়িয়ে পড়ছে অন্যান্য সড়কেও।
নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘বৃষ্টি হোক বা না হোক, রোজার মাসে আর ঢাকা শহর যানজটের কবল থেকে বের হয়ে আসতে পারবে বলে মনে হয় না।’
কারণ হিসেবে ওই ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘ঈদ কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ঢাকাবাসীর কেনাকাটা আরও বাড়বে। আগামীকাল শুক্রবার যানজট পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ঢাকার এই বাস্তবতা মেনেই আমাদের চলতে হবে।’