খেজুরেও ফরমালিন!
ইফতারের জন্য রাজশাহী নগরের সাহেববাজারের বিভিন্ন দোকানে সাজিয়ে রাখা সব খেজুরেই ফরমালিন পাওয়া গেছে। গত বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলামের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা বিএসটিআইয়ের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালিয়ে খেজুরে ফরমালিনের বিষয়ে নিশ্চিত হয়েছেন।অভিযানের খবর পেয়ে অনেক দোকানি দোকান বন্ধ করে পালিয়ে যান। আবার অনেকে দোকান বন্ধ করার সময় না পেয়ে দোকান খোলা রেখেই পালান। দোকানি রবিউল ইসলাম ও আবদুল করিমের দোকানে গিয়ে দোকান খোলা পাওয়া গেছে। কিন্তু কাউকে পাওয়া যায়নি। দোকান দুটিতে বিভিন্ন রকমের খেজুর সাজিয়ে রাখা হয়েছে। কর্তব্যরত ম্যাজিস্ট্রেট কাউকে না পেয়ে নিয়মিত মামলা করার ঘোষণা দিলে স্থানীয় লোকজন দুই দোকানিকে ডেকে নিয়ে আসেন। তাঁদের দুজনকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে অপর চারটি ফলের দোকানে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়। যে দোকানগুলোকে জরিমানা করা হয়েছে, সেগুলো হলো: টুটুল ফলভান্ডার, নবাব ফলভান্ডার, রতন ফলভান্ডার ও আজম ফলভান্ডার। এসব দোকানের খেজুর রাজশাহীতে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।দোকানি রবিউল ইসলাম দাবি করেন, তাঁরা এই খেজুর ঢাকা থেকে কিনে এনেছেন। তাঁরা এতে ফরমালিন দেননি।বিএসটিআই রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (রাসায়নিক) প্রদীপ কুমার মালো তাৎক্ষণিকভাবে খেজুরে ফরমালিন পরীক্ষা করেন। তিনি বলেন, ক্রমট্রপিক এসিড ও সালফিউরিক এসিড দিয়ে ফরমালিনের টেস্ট রিএজেন্ট তৈরি করা হয়। ফরমালিনযুক্ত খেজুর ধোয়া পানি এই রিএজন্টের মধ্যে দিলে তা খয়েরি রং ধারণ করে। আর ফরমালিন না থাকলে এর রঙের কোনো পরিবর্তন হয় না। এভাবেই খেজুরের ফরমালিন পরীক্ষা করা হচ্ছে।ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম বলেন, বিশুদ্ধ খাদ্য আইনের ৬ (১) ধারায় নিষিদ্ধ ফরমালিনযুক্ত খেজুর বিক্রির অভিযোগে দোকানের মালিকদের জরিমানা করা হয়েছে এবং খেজুরগুলো ধ্বংস করা হয়েছে।