খেজুরের গরম রসে ঝলসে দেওয়া হলো প্রতিবন্ধীর শরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেজুরের গরম রস ঢেলে বাকপ্রতিবন্ধী এক কিশোরের শরীর ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। চুরি করে খেজুরের রস খাওয়ার অভিযোগ তুলে গাছের মালিকেরা ওই প্রতিবন্ধীর ওপর এই বর্বরোচিত নির্যাতন চালিয়েছেন। যশোরের মনিরামপুর উপজেলার জামলা গ্রামের ঋষিপাড়ায় ৩ জানুয়ারি এ বর্বরোচিত ঘটনা ঘটেছে।এ ঘটনায় গত মঙ্গলবার ওই বাকপ্রতিবন্ধীর পরিবারের পক্ষ থেকে চারজনকে আসামি করে মনিরামপুর থানায় মামলা করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার জামলা ঋষিপাড়ার দলিত শ্রেণীর দুলাল দাসের বাকপ্রতিবন্ধী ছেলে নন্দলাল দাস (১৭)। চুরি করে খেজুরের রস খাওয়ার অভিযোগ তুলে পার্শ্ববর্তী আমিনপুর গ্রামের নওশের আলী সরদার (৫০) ও তাঁর স্ত্রী ময়না বেগম নন্দলালকে ৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে রস খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে আনেন। এ সময় তাঁরাসহ কয়েকজন নন্দলালকে বাড়ির পাশে চুলার কাছে নিয়ে তার শরীরে গরম খেজুরের রস ঢেলে দেন। এতে তার মুখ, হাত, বুক ও পিঠ ঝলসে যায়। খবর পেয়ে নন্দলালের বড় ভাই অরুণ দাসসহ আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চিনাটোলা বাজারের পল্লিচিকিত্সক গোলাম ফারুকের কাছে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হলে রাত ১০টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নওশের আলী বাকপ্রতিবন্ধী নন্দলালকে ডেকে নিয়ে তার শরীরে গরম রস ঢেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় নন্দলালের ভাই বিকাশ দাস মঙ্গলবার নওশের আলী, তাঁর স্ত্রী ময়না বেগম, হাফিজুর রহমান ও সুফিয়া বেগমের বিরুদ্ধে মনিরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পুরুষ ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ৮ নম্বর শয্যায় প্রতিবন্ধী নন্দলালের চিকিত্সা চলছে। তার শরীরের বিভিন্ন অংশে দগদগে ক্ষত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক কেরামত আলী বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হেকিম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।